ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্ট।
বুধবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের চার সপ্তাহ সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
সরকার পক্ষে সময় আবেদনটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম। অপরপক্ষে ছিলেন আজমালুল হোসেন।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহিম সাংবাদিকদের বলেন, "আপিলের শুনানির প্রস্তুতির জন্য চার সপ্তাহের সময় আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেছে।"
২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়।
হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করে।
হাইকোর্টের রায়ে বলা হয়, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন এবং বিধি অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধান সম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট রায়ের অভিমতে উল্লেখ করে।
সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১৩১৯ ঘ.
bdnews24