চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)-- নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় একটি ব্যাংকের ভেতরে গ্রাহকের টাকা নিয়ে পালানোর সময় দুই চোরকে ধরে পিটুনি দিয়েছে লোকজন।
মঙ্গলবার দুপুরে প্রাইম ব্যাংকের আগ্রাবাদ শাখায় এই ঘটনা ঘটে। পিটুনির শিকার চোর আবুল হোসেন ও শরিফ মিয়াকে পুলিশে সোর্পদ করা হয়েছে। এছাড়া তাদের হাতিয়ে নেওয়া এক লাখ ৩২ হাজার ৬৭০ টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে হালিশহরের সুপারস্টোর ওয়ালমার্টের তিন কর্মকর্তা স্ট্যান্ডার্ড ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে এক লাখ ৩২ হাজার ৬৭০ টাকা উঠিয়ে প্রাইম ব্যাংকে জমা দিতে আসেন। ব্যাগভর্তি টাকা জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা জাহিদ হোসেন লাইনে দাঁড়ালে লাইনে থাকা দুই ছিনতাইকারী কৌশলে ব্যাগ কেটে টাকাগুলো সরিয়ে ফেলে।
ওয়ালমার্টের কর্মকর্তা কাজী জাহিদ হোসেন জানান, দৃর্বৃত্তরা টাকা নিয়ে পালিয়ে যাবার সময় তিনি টের পেয়ে চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজন তাদের আটক করে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপস্থিত লোকজন দুজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়।
তিনি জানান, ছিনতাই হওয়া টাকাও উদ্ধার হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমসি/এসকে/২৩৫৯ঘ.
bdnews24