ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদরদপ্তরে নিহতদের স্মরণে মঙ্গলবার খাগড়াছড়ি, গোপালগঞ্জ ও সাতক্ষীরায় শোকমিছিল, শোকসভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ও সাতক্ষীরায় প্রতিবাদ সভাও হয়।
বিডিনিউজ ২৪ ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে মঙ্গলবার সকালে একটি শোকমিছিল বের করা হয়।
পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে পৌর মেয়র মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম খায়রুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সুধাসিন্ধু খীসা, পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার কায়মুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ওসমান গণি, পার্বত্য জেলা পরিষদ (পাজেপ) সদস্য সানুমং মারমা, আবু বক্কর সিদ্দিকী, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আলী প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিডিআর বিদ্রোহে নিহত লে. কর্নেল বদরুল হুদার কবরে ফুল দিয়ে গোপালগঞ্জ মালেকা একাডেমির শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার সকালে শহরের ব্যাংকপাড়ায় তার কবরে গিয়ে একাডেমির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিরা শ্রদ্ধা নিবেদনের পর বিশেষ মোনাজাতে অংশ নেন।
তারা এই সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বদরুল হুদার মা জিন্নাত আরা নূরীয়া বেগম, বাবা গাজী মো. সামসুদ্দোহাসহ পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ আছর নিহত বদরুল হুদার শহরের ব্যাংকপাড়ার পারিবারিক মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন স্তরের শোকার্ত মানুষ শরিক হন।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সকাল ১১ টায় 'চ্যানেল আই দর্শক ফোরাম' গোপালগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করেছে। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সভা হয়।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, বিডিআর সদর দপ্তরে শহীদদের স্মরণে সাতক্ষীরা প্রেসক্লাবে মঙ্গলবার এক শোকসভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য দেন কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক বিশ্বাস, মানবাধিকার কর্মী মাধব দত্ত, অপারেশ পাল, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অমল ঘোষ, সাংবাদিক হাবিবুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
অন্যান্যের মধ্যে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, আসাদুল ইসলাম আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ঘাতকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পলাতক খুনি বিডিআর সদস্যদের ধরিয়ে দেওয়ার আহবান জানান বক্তারা। শোকসভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সভায় প্রেসক্লাবে শোক প্রস্তাব গ্রহণ, সাতদিনের শোক বই খোলা এবং স্বাক্ষর সংবলিত শোক বই রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা প্রধান বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৪ঘ.
bdnews24