২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জে দু'জন নিহত

জমি নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে একজন এবং চাঁপাইনবাবগঞ্জে সোমবার রাতে আরেকজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 05:05 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - জমি নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁও সদর উপজেলায় মঙ্গলবার দুপুরে একজন এবং চাঁপাইনবাবগঞ্জে সোমবার রাতে আরেকজন নিহত হয়েছেন। বিডিনিউজ ২৪ ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- ঠাকুরগাঁও: জমি নিয়ে সংঘর্ষে ঠাকুরগাঁও সদরের ফুটকি বাড়ি গ্রামে আলিমুদ্দীন (৭০) নামের একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহত আব্দুস সালাম, রবিউল ইসলাম, শরিফ ও আলিমুদ্দীনের স্ত্রী রশিদাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসীর বরাত দিয়ে সদর থানার উপ-পরিদর্শক রওশন আরা বলেন, দুপুরের দিকে ফুটকি বাড়ি গ্রামে গোবর রাখার জায়গা নিয়ে সকালে হাবিবুর ও আলিমুউদ্দীনের মধ্যে ঝগড়া হয়। এরপর দু'জনের পক্ষ নিয়ে গ্রামের দু'দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত আলিমুদ্দীনকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। উপ-পরিদর্শক রওশন আরা বলেন, "এ ঘটনায় হাবিবুরসহ ১০ জনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।" চাঁপাইনবাবগঞ্জ: জমি নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামে সোমবার রাতে ছোট ভাইয়ের হাতে বিকল আলী (৭৫) নামে একজন নিহত হয়েছেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সিদ্দীকুর রহমান বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সোমবার রাত ৯টার দিকে বিকল আলীর সঙ্গে ছোট ভাই মেঘুর ঝগড়া হয়। এক পর্যায়ে মেঘুর কোদালের আঘাতে বিকল গুরুতর আহত হলে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান। ঘটনার পর মেঘু ও তার পরিবারের সবাই পালিয়ে যায়। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে কালু বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০৪ঘ.