২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধানে পা দিন, সামনে পিচ্ছিল পথ: হাসিনাকে এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সাবধানে পদক্ষেপ না নিলে সামনের পথ আরো পিচ্ছিল হয়ে উঠতে পারে। তিনি সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যও প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সাবধানে পদক্ষেপ না নিলে সামনের পথ আরো পিচ্ছিল হয়ে উঠতে পারে। তিনি সেনা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যও প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান। ক্ষমতাসীন দলের উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় সংসদে সেনা বাহিনীর বিরুদ্ধে 'বিষোদগার' বন্ধ করুন। সংসদে বিরোধী দলের পাশাপাশি ক্ষমতাসীন দলও সেনা বাহিনীর সমালোচনা করছে বলে অভিযোগ করেন মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। দলের কেন্দ্রীয় যৌথ সভায় মঙ্গলবার দুপুরে তিনি মহাজোট সরকারের প্রতি তার দলের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রীকে সাবধানে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এরশাদ বলেন, ''সংসদে বিরোধী দল বিএনপি সেনা বাহিনীর বিরুদ্ধে বিষোদগার করছে, কেননা তাদের বুকে জ্বালা আছে।" সরকারি দল কেনো সেনা বাহিনীর বিরুদ্ধে 'বিষোদগার' করছে বলে প্রশ্ন রেখে তিনি বলেন, "কারণ ১/১১-এর জন্যই বর্তমান সরকার ক্ষমতায় আসতে পেরেছে। তাই তাদের বলবো, বিষোদগার বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করুন।'' রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় যৌথ সভায় এরশাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তৃণমূল পর্যায়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে তোলারও আহবান জানান। এরশাদ বলেন, ''বিডিআর-এর বিদ্রোহ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্র। বিডিআর ও সেনা বাহিনীকে ধ্বংস করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে।'' তিনি পিলখানা ঘটনার আগে সংসদে সেনা বাহিনী সর্ম্পকে সরকার ও বিরোধী দলের সাংসদদের বক্তব্যেরও সমালোচনা করেন। এরশাদ পাবর্ত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দুর্যোগ ও উন্নয়ন কর্মকাণ্ডে সেনা বাহিনীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, ''দেশের দুর্যোগের সময় আর্ত মানবতার সেবায় সেনা বাহিনী এগিয়ে এসেছে। সরকারকে সহযোগিতা করেছে।'' অনুষ্ঠান শুরুর আগে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ড. এ টি আই এম ফজলে রাব্বী, ফকির আশরাফ ও মহাসচিব অ্যাডভোকেট এ বি এম রুহল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/১৬০১ঘ.