ঢাকা, মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানা বিদ্রোহ ঘটনায় বিচার বিভাগ, প্রতিরক্ষা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের প্রতিনিধিদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
সোমবার এক সংবাদ সম্মেলনে দলের আমীর মতিউর রহমান নিজামী এ দাবি জানান।
বিদ্রোহের প্রথম দিন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যার বিষয় সরকার অবহিত হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে 'সঠিক জবাবও' দাবি করেন তিনি।
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মতিউর রহমান নিজামী বিদ্রোহীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা ও বিদ্রোহ চলার সময় সাধারণ ক্ষমা ঘোষণার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
এছাড়া সেনাবাহিনীকে অভিযান 'চালাতে না দেওয়া', বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের সময়সীমা দীর্ঘ করা, স্থানীয় সাংসদের পক্ষ থেকে সদর দপ্তরের তিন কিলোমিটার পরিধির মধ্যে লোকজন সরিয়ে নেওয়ার ঘোষণা ও হাজার হাজার বিডিআর জওয়ানের পালিয়ে যাওয়াসহ বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয় সংবাদ সম্মেলনে।
মতিউর রহমান নিজামী বিদ্রোহীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, "আমরা মনে করি প্রকৃত অবস্থা জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব।"
ভারতীয় টেলিভিশন চ্যানেল সিএনএন-আইবিএন প্রচারিত খবরে 'বিডিআর বিদ্রোহ' ঘটনায় জামায়াতের জড়িত থাকার কথাকে 'অপপ্রচার' আখ্যায়িত করেন জামায়াত প্রধান।
সরকারি দলের সাংসদরা সংসদে জামায়াত ও চারদলীয় জোটকে ইঙ্গিত করে দোষারোপ করার 'পুরনো সংস্কৃতি' অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজামী বলেন, দেশের সীমান্ত প্রতিরক্ষা ধ্বংস এবং সশস্ত্রবাহিনীকে দুর্বল করতেই বিডিআর বিদ্রোহে নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা ঘটানো হয়েছে।
বর্তমান অবস্থাকে 'মহাসঙ্কট' অভিহিত করে বিভাজন বাদ দিয়ে সরকারসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এএল/এসকে/১৯১৮ঘ.
bdnews24