২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় আবু করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে ওলামা লীগের সভাপতির দায়ের করা মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে ওলামা লীগের সভাপতির দায়ের করা মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে 'কটাক্ষ করে' কবিতা লেখার অভিযোগে গত ২২ ফেব্র"য়ারি দায়ের করা মামলায় সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদলতের হাকিম কণিকা বিশ্বাস। সদ্য বাধ্যতামূলক অবসরে যাওয়া আবু করিমের বিরুদ্ধে ওই মানহানি মামলা করেছিলেন ওলামা লীগের সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন বিন হেলালী। 'বাগানে ফুটে আছে অনেক গোলাপ' কবিতার বইয়ে 'আলু বোখারা ও একজন আবদুর রহমান' শীর্ষক কবিতায় বঙ্গবন্ধু এবং তার ছেলেদের বিদ্রুপ করার অভিযোগ তুলে এই আদালতে মানহানি মামলা করা হয়। মামলায় বলা হয়, বাদী যেহেতু নিজে আওয়ামী লীগ করেন এবং বঙ্গবন্ধু পরিবারকে কটাক্ষ করে কবিতা লেখা হয়েছে সে কারণে বাদীর নিজেরও মানহানি হয়েছে। ওই কবিতায় প্রকাশিত বক্তব্যে সারাদেশের মানুষের ও মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়। এদিকে একই বিষয়ে ২৪ ফেব্র"য়ারি একই আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের পৃথক দুই মামলায় আগামী ১৬ মার্চ একই হাকিম আদেশ দেবেন। সোমবার এ মামলা দুটির আদেশ দেওয়ার কথা ছিল। মানহানির মামলাটিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা গেল কি গেল না এ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ মে। রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে পৃথক দুই মামলা করেন অ্যাডভোকেট ওমর ফারুক এবং বাস্তুহারা লীগের সদস্য সি এস আলম। ওমর ফারুকের মামলায় গ্রন্থটির প্রকাশনা সংস্থা সূচিপত্রের মালিক সাঈদ বারীকেও আসামী করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এজে/এসকে/১৮২৬ঘ.