২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ তদন্ত কমিটিতে সাহারা খাতুন থাকছেন না

বিডিআর বিদ্রোহ ঘটনা তদন্তে গত ২৬ ফেব্রুয়ারি গঠিত কমিটি সোমবার পুনর্গঠন করেছে সরকার। সাবেক সচিব আনিস-উজ-জামান খান নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহ ঘটনা তদন্তে গত ২৬ ফেব্রুয়ারি গঠিত কমিটি সোমবার পুনর্গঠন করেছে সরকার। সাবেক সচিব আনিস-উজ-জামান খান নতুন কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের স্থলাভিষিক্ত হয়েছেন। কমিটির আকার বেড়ে ১১ সদস্য হওয়ার পাশাপাশি এতে সামরিক কর্মকর্তাদের সংখ্যা বেড়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানায়। নতুন ১১ সদস্যের কমিটিতে অন্যরা হচ্ছেন আইন সচিব, বিডিআর এর মহাপরিচালক, প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের তিনজন প্রতিনিধি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (প্রশাসন), সেনা সদরের জাজ অ্যাডভোকেট জেনারেল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিদ্রোহীদের সঙ্গে আলোচনাকারী দলে থাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের তদন্ত কমিটিতে থাকা সঙ্গত নয় এ মর্মে অভিমতের পর এ রদবদল হল। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও কমিটি থেকে বাদ পড়েছেন। নতুন কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করার ৪৮ ঘন্টারও বেশি সময় পরে এ পরিবর্তন করা হল। ওই কমিটি শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে। প্রজ্ঞাপনে তদন্ত কমিটির পরিধি বলে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে- ঘটনার পটভূমি, কারণ উদঘাটন ও অন্যান্য প্রাসঙ্গিক সুপারিশ। বিডিনিউজ ২৪ ডটকম /এসএম/এসকে/১৮০৩ঘ.