২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হিযবুত তাহরীরের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ এলাকা থেকে লিফলেটসহ হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেপ্তার হয়েছে। ওদিকে হিযবুত তাওহীদ বাংলাদেশ নামের এক সংগঠনের পক্ষে লিফলেট বিতরণের সময় গাজীপুরের টঙ্গীতে আটক হয়েছে আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 07:15 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর শাহবাগ এলাকা থেকে লিফলেটসহ হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেপ্তার হয়েছে। ওদিকে হিযবুত তাওহীদ বাংলাদেশ নামের এক সংগঠনের পক্ষে লিফলেট বিতরণের সময় গাজীপুরের টঙ্গীতে আটক হয়েছে আরো দুইজন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের সময় রোববার রাতে শাহাবাগ মোড় থেকে জুবায়ের ও শামীম আহমেদ নামের দুইজন এবং সোমবার সকালে শিশু পার্কের সামনে থেকে নাদের জামিল ও মেহেদি হাসান নামের আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।" ওসি রেজাউল ইসলাম জানান, লিফলেটের শিরোনাম- 'সেনাবাহিনী ও বিডিআরকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র এবং সরকারের নিস্ক্রিয়তার প্রতিবাদ করুন।' তিনি আরো জানান, আপাতত তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, হিযবুত তাওহীদ বাংলাদেশ নামের এক সংগঠনের পক্ষে লিফলেট বিতরণের সময় সোমবার সকালে টঙ্গী কলেজ গেট এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- টাঙ্গাইলের মির্জাপুর এলাকার শাকিল মাহমুদ সবুজ ও পূবাইলের হায়দরাবাদ গ্রামের কামালউদ্দিন জুয়েল টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "হিযবুত তাওহীদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় এর নাম কিছুটা পরিবর্তন করে এরা সম্ভবত 'হিযবুত তাওহীদ বাংলাদেশ' নামে প্রচারণা চালাচ্ছে। এজন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরো জানান, লিফলেটে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করে আল্লাহ'র সার্বভৌমত্ব ও কোরআন-হাদীসের আইন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি আব্দুস সালাম। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এলএইচ/এফএফ/এজে/জিএনএ/১৩২৩ ঘ.