২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকার ও বিরোধীরা সংসদকে কার্যকর করে তুলবে'

সরকার ও বিরোধী দল এক সঙ্গে মিলে জাতীয় সংসদকে কার্যকর করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন স্পেন, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম)- সরকার ও বিরোধী দল এক সঙ্গে মিলে জাতীয় সংসদকে কার্যকর করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন স্পেন, সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার গুলশানের কার্যালয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূতদের সাক্ষাৎ শেষে সুইডেনের রাষ্ট্রদূত ব্রাইট এফ হ্যাগসট্রম সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, '' গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলকে এক সঙ্গে কাজ করা উচিত। দুই পক্ষ এক সঙ্গে কাজ করলে সংসদ কার্যকর হবে বলে আমরা মনে করি।'' এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে হলে সংসদকে কার্যকর করতে হবে। সন্ধ্যায় স্পেনের রাষ্ট্রদূত আরতোরো প্যারেজ, সুইডেনের রাষ্ট্রদূত ব্রাইট এফ হ্যাগসট্রম ও ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চার্লি হুটলি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সংসদ ও বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে রাষ্ট্রদূতরা আলোচনা করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/২৩১০ঘ.