ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোট সরকারের সময় বাধ্যতামূলক অবসর পাওয়া ও পদোন্নতি বঞ্চিত বলে দাবিদার সাড়ে চার হাজার কর্মকর্তা এ সংক্রান্ত পুনর্মূল্যায়ন কমিটিতে আবেদন করেছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ে সোমবার কমিটির দ্বিতীয় সভা শেষে এর সভাপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "২০০১ সালের ১৮ জুলাই থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত বঞ্চিত ও নির্যাতিতদের থেকে প্রায় চার হাজার আবেদন পাওয়া গেছে। কমিটির পক্ষ থেকে প্রতিটি ঘটনা পৃথকভাবে বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের জন্য সুপারিশ করা হবে।"
গত ২৯ জানুয়ারি কমিটি গঠনের পর বাধ্যতামূলক অবসরে যাওয়া, এবং পদোন্নতি ও পদায়নবঞ্চিত কর্মকর্তাদের কাছে থেকে আবেদন চাওয়া হয়েছিল।
শুধু ক্যাডারভুক্ত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন চাওয়া হলেও নন-ক্যাডার কর্মকর্তারাও আবেদন করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "নন-ক্যাডার কর্মকর্তারা আমাদের প্রাধিকারভুক্ত না হলেও তাদের বিষয়ও বিবেচনায় আনা হবে। তবে আগে ক্যাডারভুক্তদের বিষয়টি নিষ্পত্তি করা হবে।"
প্রাথমিকভাবে ১৮ ফেব্র"য়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা বেধে দেওয়া হলেও এর মেয়াদ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ আরো বলেন, "সব আবেদনই যাচাই-বাছাই করে বিবেচনায় নেওয়া হবে। আমরা প্রতিটি ঘটনাই প্রতিকারের জন্য সুপারিশ করবো। কারণ আমরা নিশ্চিত হয়েছি, এসব আবেদনকারী ওই সময় বঞ্চিত ও নির্যাতিত হয়েছেন।"
বর্তমান সরকারের সময় ঘটা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে আবেদন করা যাবে কিনা - জানতে চাওয়া হলে উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বলেন, "এ পর্যন্ত একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এটি ভিন্ন ধরণের ঘটনা। এমন ঘটনা সচরাচর ঘটছে না। তবে নির্ধারিত কার্য-পরিধির মধ্যে না পড়লেও তিনি এ বিষয়ে বিবেচনার জন্য আবেদন করতে পারবেন।"
তথ্য সচিব আবু করিমের প্রসঙ্গ উল্লেখ করে তিনি একথা বলেন।
ওএসডি ও রদবদল প্রসঙ্গে তিনি বলেন, "কিছু রদবদল ও ওএসডি'র ঘটনা ঘটেছে। তবে তা আগের মতো গণবদলি বা ওএসডির ঘটনা নয়।"
বৈঠকে রিভিউ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২৩৪৩ঘ.
bdnews24