ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত রবার্ট ম্যাকডুগেল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে দু'দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখপাত্র আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে বিজয়ের জন্য কানাডার রাষ্ট্রদূত হাসিনাকে অভিনন্দন জানান।
বৈঠকে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করাসহ দু'দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
রাষ্ট্রদূত ম্যাকডুগেল শেখ হাসিনার নেতৃত্বে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন বৈঠকে।
প্রধানমন্ত্রী ভবিষ্যতে বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান বলেও উল্লেখ করেন মুখপাত্র।
বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/ডিডি/এসকে/২১৫৪ঘ.
bdnews24