ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)--ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম নেপাঘোষপুরে একটি পপি বাগান ধ্বংস করেছে প্রশাসন।
ধ্বংস করা এ বাগানটিতে ওপিয়াম বা আফিম পপি-র চাষ হতো যা থেকে মরফিন, হেরোইন ও কোডিন ফসফেটের মতো নানান মাদক তৈরি করা হয়।
কয়েক দিন আগে পপি বাগানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রোববার সকালে জেলা প্রশাসন পুলিশ, র্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে বাগানটি ধ্বংস করে।
এ ঘটনায় ওই গ্রামের আব্দুল খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান।
আব্দুল খালেক এবং তার ভায়রা একই উপজেলার চুন্নিরাইট গ্রামের নুর মোহাম্মদ জমি লিজ নিয়ে এ পপি বাগান করেছিলেন বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।
স্থানীয়রা জানান, নূর মোহাম্মদ প্রায় আড়াই বছর আগে ভারত থেকে এসে চুন্নিরহাট বসবাস শুরু করেন এবং বিয়ে করেন।
ঝিনাইদহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান সাংবাদিকদের জানান, ওই বাগানে ওপিয়াম পপির চাষ করা হয়েছিল।
ঝিনাইদহ পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, কয়েক দিন আগেই তিনি পপি ক্ষেতের খবর পান। নিশ্চিত হওয়ার পর আজ (রোববার) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজাদুর রহমান মল্লিকসহ প্রশাসন, র্যাব, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই ক্ষেত ধ্বংস করে।
গ্রামের দুই বাসিন্দা বলেন, খালেক ও নূর মোহাম্মদ জানিয়েছিলেন তারা ক্ষেতে পান মসলার চাষ করেছেন। কিন্তু নুর মোহাম্মদ ও তার লোকজনকে ব্লেড দিয়ে ওই গাছের ফল চিরে রস সংগ্রহ করতে দেখে গ্রামবাসীর মনে সন্দেহ জাগে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২০৫০ঘ.
bdnews24