চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ ও র্যাব জুতা পরে দায়িত্ব পালন করায় শ্রদ্ধা জানাতে আসা মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
শহীদ মিনারের বেদিতে ফুল দেবার স্থানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও র্যাব সদস্যদের জুতা পরে দায়িত্ব পালন করতে দেখা গেছে। শহীদদের শ্রদ্ধা জানিয়ে বেদিতে দেওয়া ফুল বা পুষ্পমাল্য নিজের অজান্তেই মাড়িয়ে দিচ্ছিলেন তারা।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিপটন পুলিশ (সিএমপি) এর উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'প্রথম প্রহর থেকেই সকল পুলিশ সদস্যই জুতা খুলে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন।'
বনজ কুমার মজুমদার বলেন, "পবিত্র স্থান হিসেবে শহীদ মিনারের ওপরে জুতা খুলেই দায়িত্ব পালন করার কথা।"
সকালে জুতা পরে দায়িত্ব পালনের বিষয়টি তিনি 'পুরোপুরি অবগত নন' বলে জানান।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পেশাজীবী নেতা ডা. একিউএম সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটাকে তাদের অজ্ঞতা বলা যাবে না।'
শ্রদ্ধা জানাতে আসা সিএন্ডএফ ব্যবসায়ী শিহাব চৌধুরী বিপ্লব বলেন, "মিনারের ওপরে বেদিতে জুতা পরে দায়িত্ব পালন দু:খজনক। দায়িত্ব পালনের সময় জুতা পরার বিধান থাকলেও তা শহীদ মিনারের মতো স্থানের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫২ঘ.
bdnews24