২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হলে প্রভোস্টের কক্ষ ভাংচুর করেছে ছাত্রলীগ কর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে শুক্রবার গভীর রাতে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রভোস্টের কক্ষ ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 12:15 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে শুক্রবার গভীর রাতে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রভোস্টের কক্ষ ভাংচুর করেছে। প্রত্যক্ষদর্শী ও হলের আবাসিক ছাত্ররা জানান, ছাত্রদলের সঙ্গে আতাঁত করার অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা জাসদ কর্মীদের হল থেকে বের করে দেওয়ার জন্য রাত সাড়ে ১২টার দিকে 'বহিরাগত'দের নিয়ে হলের সামনে বিক্ষোভ করতে থাকে। হল প্রভোস্টকেও তারা সেখানে আসতে বলে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভোস্ট রাত একটা পর্যন্ত না আসায় ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী পুলিশের উপস্থিতিতে প্রভোস্টের কক্ষের চেয়ার-টেবিল, আলমারি, দরজা-জানালা ও শহীদ হবিবুর রহমানের প্রতিকৃতি ভাংচুর করে। তারা হলের সামনে জাসদের একটি ব্যানারেও আগুন লাগিয়ে দেয়। পরে রাত দু'টার দিকে প্রভোস্ট ও মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ হলের পরিত্যক্ত ব্লকে তল্লাশি চালিয়ে হকিস্টিক, লোহার রড ও পাইপ উদ্ধার করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান একথা স্বীকার করে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন বলেছেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রভোস্ট সাইফুল ইসলাম ফারুকী বলেছেন, "ভাংচুরের ঘটনা শুনেই আমি হলে উপস্থিত হই। এছাড়া হবিবুর রহমানের প্রতিকৃতি ভাংচুরের বিষয়টি দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/টিআর/১৮০৪ঘ.