২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলে ফুলে ঢাকা শহীদ মিনার

শ্রদ্ধাবনত দেশবাসী শনিবার শহীদ মিনারে ফুল দিয়ে আর নানা অনুষ্ঠানে স্মরণ করেছে একুশের ভাষা শহীদদের। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার মধ্যরাত থেকে মানুষের মিছিলের শেষ ছিলনা শহীদ দিবসের একটা বড় সময় জুড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2009, 07:43 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধাবনত দেশবাসী শনিবার শহীদ মিনারে ফুল দিয়ে আর নানা অনুষ্ঠানে স্মরণ করেছে একুশের ভাষা শহীদদের। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার মধ্যরাত থেকে মানুষের মিছিলের শেষ ছিলনা শহীদ দিবসের একটা বড় সময় জুড়ে। অগুণতি মানুষের ভালোবাসার অর্ঘ্যে শহীদ মিনার ছেয়ে যায় ফুলে ফুলে। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বরাবরের মতো অনেকেরই গন্তব্য ছিল কাছের বাংলা একাডেমীর অমর একুশে বইমেলা। একুশে বই মেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, চারুকলা ইন্সটিটিউট সড়ক, রমনা পার্ক, সোহরাওয়ার্দি উদ্যানসহ পুরো এলাকা তাই ছিল জনারণ্য। মধ্যরাতের পর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনসহ দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ শহীদ মিনারে ফুল দিতে আসেন। শুক্রবার শিশুসহ নানা বয়েসী নারী-পুরুষের লম্বা লাইন ছিল ভোররাত চারটা পর্যন্ত। আবার ভোর ছয়টা থেকে নতুন করে মানুষের ঢল নামে। এর আগে মধ্যরাতে কঠোর নিরাপত্তার মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, তিন বাহিনী প্রধান ও কূটনীতিক, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ শিক্ষকরা পুস্পস্তবক অর্পণ করেন। অমর একুশে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন আয়োজন করে সংগঠনগুলো। টিএসসিতে রাজু স্মৃতি ভাস্কর্যের সকাল ১০টায় শুরু হয় 'একাত্তর, গণহত্যা ও যুদ্ধাপরাধ' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এছাড়া ছিল সন্ধানী, বাঁধনসহ বিভিন্ন সংগঠনের রক্তদান ও সংগ্রহ কর্মসূচি। চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে চলে চিত্রকর্ম প্রদর্শনী। শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্ত্বরে ছিল কবি ও বাউল গান, বকুল তলায় সঙ্গীতানুষ্ঠান আর সোহরাওয়ার্দী উদ্যানে ছবি প্রদর্শনী ও গানের আসর বসে সকাল থেকে। এসব অনুষ্ঠানে মানুষের ভিড় উপচে পড়ে। শহীদ মিনারে এসেছিলেন ভারতীয় বাঙালি পর্যটকসহ অনেক বিদেশীও। ইতালির রবার্তো মরিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাষা দিবসে আসতে পেরে বাংলা ভাষার প্রতি বাঙালির যে মমত্ববোধ তা উপলব্ধি করতে পারছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৩৪১ ঘ.