খুলনা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) নয় কর্মকর্তার বিরুদ্ধে খুলনায় একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন জেলার রূপসা উপজেলার জয়পুর গ্রামের শরিফা বেগম।
হাকিম মো. বারেকুজ্জামান মামলাটি গ্রহণ করে ওই নয় কর্মকর্তাকে আগামী ১৬ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- যুবকের নির্বাহী পরিচালক হোসাইন আল মাসুম, পরিচালক (অর্থ) সৈয়দ রাশেদুল হুদা, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, খুলনার সমন্বয়ক মাহফুজ রেজা, খুলনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মো. আহসানউল্লাহ, মো. আপ্তাবউদ্দীন, মো. আবদুল হামিদ, লিলি সিদ্দিক ও খুলনার কয়রা উপজেলা কার্যালয়ের কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মিকাইল হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের বিরুদ্ধে ১৪ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পরস্পর যোগসাজশে তারা এ অর্থ আত্মসাত করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, যুবকের খুলনার কার্যালয়ের হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের মাঠকর্মী হিসেবে কাজ করার সময় ২০০৭ সালের ১ এপ্রিল থেকে গত বছরের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত জমি দেওয়ার কথা বলে ২০ জনের কাছ থেকে ওই টাকা এনে কর্মকর্তাদের দেন বাদি শরিফা বেগম।
কিন্তু পরে কর্মকর্তারা জমি দেওয়ার ব্যাপারে টালবাহানা শুরু করেন। এ অবস্থায় টাকা ফেরত চাইলে কর্মকর্তারা নানান কথা বলে প্রতারণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24