ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কাজী হাবিবুল আউয়ালকে দশদিনের মধ্যে আইন সচিবের পদ থেকে না সরানো হলে কালো ব্যাজ ধারণ ও কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেছেন বিচারকরা।
শুক্রবার বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের জরুরি বর্ধিত সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিচারকরা তাদের অন্য দাবি মেনে নেওয়ারও আহ্বান জানান।
এর আগে সভায় সংগঠনের সাবেক সভাপতি রাজশাহীর শ্রম আপিল আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম এবং বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মাসদার হোসেন কঠোর কর্মসূচি ঘোষণার পক্ষে মত দিয়ে বক্তব্য দেন।
তারা বলেন, আইন সচিবের অপসারণসহ দাবি-দাওয়া না মানা হলে সারা দেশের বিচারকরা কালো ব্যাজ ধারণ করবেন। এতে কাজ না হলে তারা কলম বিরতির কর্মসূচি নেবেন। এরপরও দাবি মানা না হলে গণ পদত্যাগের কর্মসূচি নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকার বর্তমান জেলা ও দায়রা জজ এবং অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল গফুর।
গত ২৩ জানুয়ারি সংগঠনের ৪র্থ বর্ধিত সভায় আইন সচিবের পদত্যাগ দাবি করেন বিচারকরা।
বক্তারা বলেন, হাবিবুল আউয়ালকে আইন মন্ত্রণালয়ের সচিব পদে 'অবৈধ' ঘোষণা করে হাইকোর্ট রায় দেয়। কিন্তু তারপরও তিনি সচিব পদে বহাল রয়েছেন এবং বিচারকদের 'বিরুদ্ধে' বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। এজন্য বিচার বিভাগের স্বাধীনতার কোন সুফল পাচ্ছেন না বিচারপ্রার্থীসহ অন্য সবাই।
বিচারকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বিচারক নিয়োগ সংক্রান্ত ২০০১ সালের নীতিমালার দ্রুত বাস্তবায়ন ও তা অনুসরণ করে আইন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ সব শূন্য পদে দ্রুত নিয়োগ ও মাসদার হোসেন মামলার নির্দেশনা অনুযায়ী বিচারকদের জন্য আলাদা বেতন কাঠামো ঘোষণা।
স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল গফুর বলেন, ২৪ ফেব্রুয়ারির মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত বিল সংসদে উত্থাপন না করলে তা অকার্যকর হয়ে যাবে।
তিনি আরও বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার কোন উদ্দেশ্য বিচারকদের নেই। সরকারের ভেতরের যেসব লোক বিচার বিভাগের বিরুদ্ধে কাজ করছে তাদের সম্পর্কে সরকারকে অবগত করাই তাদের লক্ষ্য।
অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহজাহান সাজু বলেন, আইনমন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনও কোন কার্যকর পদক্ষেপ নেননি।
এরপর মুক্ত আলোচনায় সহকারী জজ শেখ মুজাহিদ উল ইসলাম বলেন, ৬ হাজার ৮ শ' টাকা বেতন স্কেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/টিআর/এসকে/১৭৫৭ঘ.
bdnews24