ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 'নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০০৯' পাসের জন্য বৃহস্পতিবার সংসদে উত্থাপন করেছেন। নবম সংসদে এই প্রথম কোন বিল উত্থাপন করা হলো।
বিলটি পাশ হলে বাংলাদেশি মা ও বিদেশি বাবার সন্তানরা বাংলাদেশের নাগরিকত্ব পাবে।
বিলটি সংসদে উত্থাপনের সময় সাহারা খাতুন বলেন, বিলটি পাশ হলে নাগরিকত্ব আইন, ১৯৫১ অনুযায়ী বিদ্যমান লিঙ্গ বৈষম্য দূর হবে।
বিলটি উত্থাপনের মধ্য দিয়ে 'নাগরিকত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮' বাতিল বলে গণ্য হবে। বিগত তত্ত্বাবধায়ক সরকার এই অধ্যাদেশটি জারি করেছিল।
আরো খতিয়ে দেখার জন্য বিলটিকে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটিকে চুড়ান্ত করার জন্য কমিটিকে সাতদিন সময় দেওয়া হয়েছে।
নাগরিকত্ব আইন, ১৯৫১ অনুযায়ী-বাংলাদেশি বাবা ও বিদেশি মা'র সন্তানরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে থাকে। কিন্তু বাংলাদেশি মা ও বিদেশি বাবার সন্তানরা বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না।
মন্ত্রী বলেন, তাই সরকার ১৯৫১ সালের এই আইনের ৫ নম্বর ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এমএ/টিআর/০০২৯ঘ.
bdnews24