২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মিলের তত্ত্বাবধায়ককে জবাই করে রডভর্তি ট্রাক ছিনতাই

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার রসুলপুর এলাকায় বৃহস্পতিবার ভোররাতে রি-রোলিং মিলের তত্ত্বাবধায়ককে জবাই করে চৌদ্দ টন রডসহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার রসুলপুর এলাকায় বৃহস্পতিবার ভোররাতে রি-রোলিং মিলের তত্ত্বাবধায়ককে জবাই করে চৌদ্দ টন রডসহ ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নিহত তত্ত্বাবধায়কের নাম- আল আমিন (৪২)। সকাল ১১টার দিকে রাজধানীর কদমতলী থানাধীন ওয়াসার লেগুনের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার প্রায় দশ ঘন্টা পর দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকা থেকে লুণ্ঠিত চৌদ্দটন রড উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ট্রাকটি উদ্ধার হয়নি। ছিনতাই হওয়া ট্রাকের চালক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে রসুলপুর এলাকার চাকদাহ স্টিল মিল থেকে চৌদ্দটন রড নিয়ে ট্রাকটি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে রবিউল ইসলাম অ্যান্ড সন্স নামে একটি দোকানে রডগুলো সরবরাহ করার কথা ছিল। চাকদাহ স্টিল মিলে রড মাপার ব্রিজ স্কেল না থাকায় তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) আল আমিন ট্রাকের সঙ্গে শ্যামপুরে যান কমপিউটারাইজড মেশিনে রড মাপানোর জন্য। মিল থেকে রড নিয়ে ট্রাকটি বের হওয়ার সঙ্গে সঙ্গে রসুলপুর এলাকায় দৃবৃত্তরা ঘিরে ফেলে। ট্রাক চালক জানান, দুর্বৃত্তরা তার সহকারী মিলন, মিলের সুপারভাইজার আল আমিন ও তাকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। ভোরে ইটভাটার লোকজন এসে সহকারী ও তাকে উদ্ধার করে। দুর্বৃত্তরা আল আমিনসহ রডভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। আল আমিনকে জবাই করে হত্যা করে লাশ কদমতলীতে ওয়াসার লেগুনপাড়ে ফেলে পালিয়ে যায়। ট্রাক চালক দাবি করেন, আল আমিন বিশ বছর ধরে সপরিবারে রসুলপুর এলাকায় বসবাস করায় দুর্বৃত্তদের চিনে ফেলেন। আর সেটাই তার জন্য কাল হয়। নিহত আল আমিনের বাড়ি বরগুনা জেলার আমতলীতে। তানভীর (৪) ও হাসিব (৭) নামে তার দুটি ছেলে রয়েছে। তিনি মিলের পাশেই কোয়ার্টারে স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। সুপারভাইজারের চাকরির পাশাপাশি তিনি মিলের মসজিদে ইমামতিও করতেন। চাকদাহ স্টিল মিলের মালিক মোহাম্মদ শাহজাহান জানান, দশ বারো দিন আগে একটি ডাকাতদল তাদের আরেকটি রডভর্তি ট্রাক ছিনতাইয়ের চেষ্টা করেছিল। ওইদিন চালকের কারণে ডাকাতরা ব্যর্থ হয়। দু'বছর আগে তাদের দুটি ট্রাকভর্তি রড ডাকাতরা লুট করেছিল। তিনি বলেন, "এসব ব্যাপারে বারবার পুলিশ ও র‌্যাবকে জানিয়েও ডাকাত চক্রের তৎপরতা বন্ধ করা যায়নি।" বাংলাদেশ স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বশির উল্লাহ বলেন, "গত এক বছরে পাগলা, শ্যামপুর ও ডেমরা এলাকায় রড ছিনতাই বা ছিনিয়ে নেওয়ার চেষ্টার দশ থেকে বারোটি ঘটনা ঘটেছে।" তিনি বলেন, এ ব্যাপারে তারা র‌্যাব-পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জানিয়েছেন। কিন্তু কোন লাভ হচ্ছে না। ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরকম চলতে থাকলে এ এলাকার রড ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। ফতুল্লা মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর আবু তৌহিদ জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পুলিশ ঢাকার শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকা থেকে লুণ্ঠিত চৌদ্দ টন রড উদ্ধার করে। এ সময় রড অন্য একটি ট্রাকে উঠানো হচ্ছিল। তিনি জানান, পুলিশ ওই ট্রাকটি আটক করেছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে মতিউর রহমান (৩৪), বিল্লাল (৩২) ও ফিরোজ (৩০) নামে তিনজনকে। এএসপি বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাতদলের সদস্য। হত্যা ও ডাকাতির সঙ্গে জড়িত চক্রটিকে গ্রেপ্তার এবং লুন্ঠিত ট্রাকটি উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই শফিউদ্দিন ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১০ ঘ.