কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিতে প্রাণ হারালেন পুলিশের এক উপ-পরিদর্শক।
আটক হওয়ার পর দুই উপ-পরিদর্শকসহ কয়েকজন পুলিশ কর্মীকে দুঃসাহসীভাবে ছুরি মেরে দুদফা আহত করে পালিয়ে যায় ছিনতাইকারী।
আহত উপ-পরিদর্শকসহ মোস্তাফিজুর রহমান হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত হন উপ-পরিদর্শক মিজানুর রহমান, কনস্টেবল রুহুল আমিন ও আব্দুল কুদ্দুস।
বুধবার রাতে ভৈরবের মনামারা সেতুর কাছে এ ঘটনা ঘটে।
ছিনতাইকারী মোহাম্মদ মামুন ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত মিজানুর রহমান ও রুহুল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আব্দুল কুদ্দুসকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যার দিকে পুলিশ ছিনতাইকারী মামুনকে গ্রেপ্তার করে। এর কিছুক্ষণ পর সে উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস এবং রুহুল আমিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনার প্রায় দু'ঘণ্টা পর রাত ৮টার দিকে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান আবার অভিযান চালিয়ে মনামারা সেতু এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করেন। এরপর মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নেওয়ার সময় সে শার্টের নিচে লুকানো ছোরা দিয়ে মিজানকে আঘাত করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সুযোগে মামুন আরেক উপ-পরিদর্শক মোস্তাফিজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পথে মোস্তাফিজ মারা যান।
ঘটনার পর এলাকায় র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ছিনতাইকারী মামুনের বাড়ি ভৈরবপুর গ্রামে। সে ভৈরব উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সাদেকের ভাইপো বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন । মামুনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৪ঘ.
bdnews24