বাগেরহাট, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে মংলার পশুর নদীতে সোমবার কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ ব্যবসায়ী নূর আলীর (৪৫) মৃতদেহ পাওয়া গেছে।
বুধবার সকালে পশুর নদীর বুড়িরডাঙ্গা এলাকা থেকে পুলিশ তার ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নূর আলীর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রামে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, নিখোঁজ ব্যবসায়ী নূর আলীর মৃতদেহ ভাসমান অবস্থায় সকালে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশে সংবাদ দেয়।
চট্টগ্রাম থেকে খুলনাগামী লবণবাহী একটি ট্রলার সোমবার ভোরে পশুর নদীতে মংলার বুড়িরডাঙ্গা বাজারের কাছে একটি কার্গোর ধাক্কায় ডুবে যায়। এতে সৈয়দ আহমদ মারা যান এবং নূর আলী নিখোঁজ ছিলেন। আহত হন আরও সাত খালাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.
bdnews24