সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -সাতক্ষীরার ভোমরা সীমান্তে সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে দুই বাংলাদেশি মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
তবে বাংলাদেশ রাইফেলস-বিডিআর কর্মকর্তারা বলেছেন, নিহতরা বাংলাদেশি কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সীমান্তে গুলিবর্ষণের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার রাতে ভোমরা লক্ষ্মীদাড়ি সীমান্ত পেরিয়ে ১০/১২ জনের একটি দল অবৈধ পথে ভারতে যাচ্ছিল। ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে পরপর ১৮ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দলে থাকা দুই মহিলা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন এক পুরুষ।"
তিনি জানান, সীমান্তের ৩ ও ৪ নম্বর মেইন পিলারের মাঝামাঝি এলাকায় ভারতের ৫০ গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা লাশ ও আহত ব্যক্তিকে ঘোজাডাঙ্গা ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে ৪১ রাইফেলস ব্যাটালিয়ানের অপারেশন অফিসার মেজর শামীম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএসএফ তিন রাউন্ড গুলি ছুড়েছিল। গুলিবিদ্ধরা বাংলাদেশি কিনা এটা নিশ্চিত হওয়া যায়নি।"
তিনি জানান, ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদি নিহতরা বাংলাদেশি হয় তবে বিডিআর এর পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24