হবিগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের লস্করপুরে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে সোমবার ট্রেন ও বাসের সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। তার নাম মুসলেম উদ্দিন।
গভীর রাতের এ দুর্ঘটনায় আহত হয় বাসটির আরো ৪০ আরোহী। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস ট্রেনটি লস্করপুর রেলক্রসিং অতিক্রমকালে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস আল-মোবারকার (ঢাকা মেট্রো-ব-১১-১৩০২) সংঘর্ষ হয়।"
তিনি বলেন, "এতে ঘটনাস্থলে বাসযাত্রী মুসলেম উদ্দিন (২০) নিহত এবং বাসটির হেলপার শাহজাহান মিয়া গুরুতর আহত হয়।"
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি মোফাজ্জল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪৩১ ঘ.
bdnews24