২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধিদল

জাতিসংঘের সহকারী মহাসচিব অজয় চিবারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও বরগুনার কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের সহকারী মহাসচিব অজয় চিবারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও বরগুনার কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতার প্রশংসা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অভিজ্ঞতা থেকে অন্য দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অজয় চিবার। সোমবার সকালে সাতক্ষীরার সিডর বিধ্বস্ত শ্যামনগরের সমতা গ্রামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, "সিডরের আঘাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হতে পারত। যথাযথ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে ক্ষতি অনেক কম হলেও মিয়ানমারে ব্যাপক প্রাণহানি হয়েছে।" এ অঞ্চলের মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে অনেক কষ্টে আছে মন্তব্য করে তিনি বলেন, "বাংলাদেশ সরকার এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ করে যাচ্ছে।" ইউএনডিপি ও বেসরকারি সংস্থা সুশীলনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিশুদ্ধ খাবার পানির সংস্থান, বন্যা রোধে ঘরবাড়ি উঁচু করা এবং চাষাবাদসহ নানা কর্মসূচির বাস্তবায়ন চলছে বলে জানান তিনি। এ সময় তারা সমতা গ্রামের খগেন্দ্র মণ্ডল, রাশিদা বেগম ও আবুবক্কর সিদ্দিকীর বাড়ি গিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ, সবজিক্ষেত, ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং ঘরবাড়ি উঁচু করার কার্যক্রম পরিদর্শন করেন। স্থানীয় পর্যায়ে জনগণের ক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন চিবার। জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি তাদের জীবন জীবিকার উন্নয়নে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন। তিনি সুন্দরবন রক্ষায় ইউএনডিপি'র কর্মসূচির কথাও উল্লেখ করেন। এরপর তারা বরগুনার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করেন। বরগুনা প্রতিনিধি জানান, জাতিসংঘের সহকারী মহাসচিব ও আবাসিক পরিচালকসহ একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের সিডর বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছে। তারা সিডরে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং আরও সহযোগিতার আশ্বাস দেন। অজয় চিবারের সঙ্গে প্রতিনিধিদলটিতে ছিলেন- বাংলাদেশে জাতিসংঘ প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন, ইউএনডিপি'র আবাসিক পরিচালক স্টিফেন প্রিসলার, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও দুর্যোগ মোকাবেলা ব্যুরোর মহাপরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকী, আবাসিক উপ-পরিচালক রবার্ট জাহকম, সহকারী আবাসিক পরিচালক ড. আমিনুল ইসলাম এবং লোকাল পোভারটি রিডাকশন প্রোগ্রাম এনালিস্ট এস এম মাজেদা হক। ইউএনডিপির স্থানীয় প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, ইউএনডিপির সহায়তায় নির্মিত বসতবাড়ি ও রাস্তা পরিদর্শন শেষে প্রতিনিধিরা উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন। তারা পরিবেশবান্ধব চুলা প্রস্তুতকারীদের প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। ২০০৭ সালে ১৫ নভেম্বর রাতে ঘূর্ণিঝড় সিডর উপকূলীয় এলাকায় আঘাত হানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৪ ঘ.