চাঁদপুর, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়া উপজেলার ঘাগড়া এলাকায় রোববার রাতে একটি ট্রাক থেকে ৯০০ বোতল ফেনসিডিল আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয় ট্রাক চালককে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত ৩টার দিকে উপজেলার খাজুরিয়া ও লক্ষ্মীপুর এলাকায় ঝটিকা অভিযান চালায় পুলিশ। ঘাগড়া এলাকায় একটি ট্রাক (কুমিল্লা-ট-৬৪২৪) থেকে আটক করা হয় ফেনসিডিলগুলো।
তিনি জানান, ট্রাকটিকে আটক করার আগে ফেনসিডিল ভর্তি কয়েকটি বস্তা রাস্তায় ফেলে দেওয়া হয়। যার ফলে ট্রাকে থাকা ৯০০ বোতল ফেনসিডিলের মধ্যে ৫৩৫ বোতল অত অবস্থায় এবং বাকি ৩৬৫ বোতল ফেনসিডিল ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়।
আটক ট্রাকচালক আবুল খায়ের পুলিশকে জানিয়েছে, সে ফেনসিডিলগুলো নিয়ে কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল।
উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, আটক ট্রাক চালক আবুল খায়েরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০১ ঘ.
bdnews24