ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে একটি দুর্নীতি মামলায় চার মাসের জামিন দিয়েছে উচ্চ আদালত।
রোববার জামিনের আবেদনের ভিত্তিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আজিজুল হকের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
কথিত ব্যাপক দুর্নীতির জন্য 'বনের রাজা' হিসেবে কুখ্যাতি পাওয়া ওসমান গনির পক্ষে এই আবেদনটি করেন মওদুদ আহমেদ। তাকে সহযোগিতা করেন মাহবুব উদ্দিন খান।
গত বছরের ৫ জুন একটি বিশেষ আদালত ওসমান গনিকে অবৈধভাবে সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা হিসাবে সম্পদের সঠিক তথ্য গোপন করার অভিযোগে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
এছাড়াও ১০ লাখ টাকা জরিমানাসহ তার ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং তার স্ত্রীর ২ কোটি ৮০ লাখ টাকার সম্পদ এবং ২৭০ তোলা স্বর্ণের গহনা বাজেয়াপ্ত করার আদেশ দেয় আদালত।
২০০৬ সালের ২৬ জুলাই দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী উত্তরা থানায় এই মামলাটি দায়ের করেন।
এই মামলায় অভিযোগ করা হয়, ওসমান এবং তার স্ত্রী মোট ৪ কোটি ৩০ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
২০০৭ সালের ২৯ মে ওসমানকে তার উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তখন তার বাড়ির চালের ড্রাম ও জাজিমের নিচে লুকিয়ে রাখা নগদ ১ কোটি টাকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এসকে/২০৩৭ঘ.
bdnews24