ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অস্ত্র ও বিদেশি মুদ্রা পাচার মামলায় আটক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এবং আদিবাসী ফোরাম নেতা শক্তিপদ ত্রিপুরা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার বিকেলে তিনি খাগড়াছড়ি কারাগার থেকে মুক্তি পান। এর আগে সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোক্তার আহমেদ তাকে জামিন দেন।
শক্তিপদ 'পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি' এবং 'আদিবাসী ফোরাম' এ দুই সংগঠনেরই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।
শক্তিপদ'র আইনজীবী হেমন্ত ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোক্তার আহমেদ তাকে জামিন দেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পরামর্শক ও পাহাড়ি নেতা শক্তিপদকে ২৪ জানুয়ারি মীরপুর থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গত ৪ ফেব্র"য়ারি শক্তিপদকে কেন্দ্রীয় কারাগার থেকে খাগড়াছড়ির দু'টি মামলায় (মুদ্রা পাচার, অস্ত্র) গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।
শক্তিপদ'র আরেক আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ১৪ জুন অস্ত্র আইনে একটি এবং একই মাসে মুদ্রা পাচারের অভিযোগে খাগড়াছড়ি থানায় আরেকটি মামলা করা হয়।
প্রকাশ রঞ্জন বিশ্বাস অভিযোগ করেন, "শক্তিপদ'র বিরুদ্ধে দু'টি মামলাই করা হয় রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার জন্য।"
শক্তিপদর কাছে কোনো বিদেশি মুদ্রা পাওয়া যায়নি দাবি করে তিনি বলেন, "যদি পাওয়াও যায় তা তিনি পাচারের জন্য রাখেননি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/এসকে/২০২০ঘ.
bdnews24