২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে কলেজের পিকনিকের বাস খাদে, আহত ৪০

কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি পিকনিকের বাস রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে তিন শিক্ষকসহ ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কক্সবাজার, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কক্সবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একটি পিকনিকের বাস রাস্তার পাশে একটি খাদে পড়ে গেলে তিন শিক্ষকসহ ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কক্সবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বাবুল কান্তি পাল জানান, শুক্রবার সকালে কলেজের ছাত্রীরা দু'টি বাসে করে পিকনিক করার জন্য ইনানি সৈকত যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ইনানির রেজু খালের ব্রীজের কাছে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। অধ্যক্ষ জানান, দুর্ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন। আহত অন্য দুই শিক্ষক হলেন বিদ্যুৎ কুমার সাহা ও ফয়েজুন্নেছা। আহত ছাত্রীদের কয়েকজন হলেন রুনা, শাহিনা আকতার, আজিজা আকতার, ফারজানা, মনি রানী, ফারিহা, নাসরিন, তসলিমা, রাবেয়া বেগম, রাজিয়া, নাহিদা আকতার, প্রিতম, কোহিন, নাসরিন জাহান, আনারকলি, আফিয়া জান্নাত নঈম, দিলরুবা জান্নাত জুঁই ও ফারজানা লুচি। যে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে দু'জনের নাম পাওয়া গেছে। তারা হলেন বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী সুইটি ও উর্মি হায়াত। অন্যজনের নাম পাওয়া যায়নি। আহত দিলরুবা জান্নাত জুঁই জানান, কিভাবে যে কি ঘটে গেল তা তারা বুঝতেই পারেননি। কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জানান, আহত ছাত্রী ও শিক্ষকদের মধ্যে সেখানে ৩৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মুনির হোসেন দুপুরে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসকে/২২৫২ঘ.