পাবনা, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনায় অবশেষে ওই আসনের সাংসদের ভাই আনিসুর রহমান শরীফের বিরুদ্ধে মামলা নিয়েছে ঈশ্বরদী থানা। তবে মামলাটি নেওয়া হয় আদালতের নির্দেশে।
বৃহস্পতিবার শরীফকে প্রধান আসামি করে ৪২ জনের বিরুদ্ধে মামলাটি করেন সংঘর্ষে নিহত আমিনের বাবা নজির প্রামাণিক। এর আগেও দু'টি মামলা হয়। আরেকটিতে শরীফকে আসামি করে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেনিন আলমগীর জানান, নজির প্রামাণিক বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের নির্দেশে ঈশ্বরদী থানা শুক্রবার মামলাটি গ্রহণ করে বলে তিনি স্বীকার করেন।
মামলার এজাহারে বলা হয়, এর আগে ঈশ্বরদী থানায় মামলা করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়।
আনিসুর রহমান শরীফ পাবনা-৪ আসনের সাংসদ শামসুল রহমান শরীফ ডিলুর ছোট ভাই।
এ ঘটনায় মঙ্গলবার ঈশ্বরদী থানায় দু'টি মামলা হয়। একটি মামলার বাদী কামালপুর গ্রামের নাজির হোসেন। ওই মামলায় ১৬০ জনকে আসমি করা হয়। তাদের মধ্যে ৩০ জনের নাম উল্লেখ করা ছিল।
অপর মামলাটি করেন আব্দুস সাত্তার। এতে মোট ১৮১ জনকে আসামি করা হয়। এর মধ্যে ৬১ জনের নাম উল্লেখ ছিল।
চরের খাস জমিতে ফসল কাটাকে কেন্দ্র করে গত সোমবার সংঘর্ষে সাতজন নিহত ও ২০ জন আহত হয়।
এ ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/এমএসবি/২০২২ ঘ.
bdnews24