ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জিল্লুর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, "আমি অত্যন্ত আনন্দিত। এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হয়েছেন, যিনি ভাষা আন্দোলন থেকে '৯০ পর্যন্ত সব আন্দোলনে ভূমিকা রেখেছেন।"
শেখ হাসিনা সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় আরো বলেন, " জিল্লুর রহমান দলের দুঃসময়ে বলিষ্ঠভাবে নেতৃত্বও দিয়েছেন। তিনি একজন যোগ্য ব্যক্তি।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের 'সোনার বাংলা' প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখায় নতুন রাষ্ট্রপতি ভূমিকা রাখবেন বলে আশা রাখেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা আশা করি, ভিশন ২০২১ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নতুন রাষ্ট্রপতি জিল্লুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন আওয়ামী লীগের প্রবীণ নেতা জিল্লুর রহমান । সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন তাকে শপথবাক্য পাঠ করান।
জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি (ষোড়শ ব্যক্তি) হলেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৮ মেয়াদে ১৫ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এসকে/২০৫১ঘ.
bdnews24