ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপ-সচিব ও সমপর্যায়ের ১৮ কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে।
এছাড়া বাংলাদেশ জরিপ অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা লে. কর্নেল মোহাম্মদ আলাউদ্দীনকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর অপর কর্মকর্তা লে. কর্নেল শামীম আহসান জগলুল।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বুধবার এসব নিয়োগ ও রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের সচিব হিসেবে কর্মরত গোলাম মোস্তফাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সচিব আব্দুল জলিলকে অর্থ বিভাগে, ওএসডি হিসেবে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন সেলে সংযুক্ত আহসানুল জব্বারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, অর্থ বিভাগের সিদ্দিকুল্যাহ ভূইয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ওএসডি শহিদুল হককে অর্থ বিভাগে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক মানিক চন্দ্র দেবকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত আফজাল হোসেনকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক আবুল কাশেমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত শামীমা হককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব অমিত কুমার বাউলকে ওএসডি করে রোহিঙ্গা শরণার্থী পুনর্বাসন সেলে সংযুক্ত, ঢাকা সিটি কর্পোরেশনের পরিবহণ শাখার মহাব্যবস্থাপক বিএম এনামুল হককে ঢাকা সিটি করপোরেশনের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত উপ-সচিব এএসএম ইমদাদ দস্তগীরকে ঢাকা সিটি করপোরেশনের পরিবহন শাখার মহাব্যবস্থাপক, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যাস্ত উপ-সচিব আজিজুল ইসলামকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব বাসুদেব আচার্য্যকে জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) পরিচালক, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব কমলেশ কুমার দাসকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের (বিপিআই) সচিব সাজ্জাদ কবিরকে রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগীয় শহরে পাঁচটি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং অর্থ বিভাগের উপ-সচিব আব্দুল মান্নানকে এনটিআরসিএ-এর পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সিএজি কার্যালয়ের সহকারী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পরীক্ষা ও পরিদর্শন) মো. বদিউজ্জামানকে অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের পরিচালক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে প্রেষণে নিয়োজিত অতিরিক্ত জেলা জজ আমির হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/টিআর/০০১৫ঘ.
bdnews24