২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার উন্নয়নে কেসিসি ও কেডিএ'র সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন: মেয়র

খুলনা অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

খুলনা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। বুধবার সকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) অডিটরিয়ামে কেডিএ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এ কথা বলেন। কেসিসি'র জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কেসিসি মেয়র বলেন, "সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমন্বিত প্রচেষ্টায় খুলনা অঞ্চলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। টেকসই উন্নয়নের জন্য কেসিসি-কেডিএ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন।" তিনি বলেন, "ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদার আলোকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করা দরকার এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, পানি সরবরাহ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনাসহ নাগরিক জীবনের প্রয়োজনীয় বিষয়গুলির সংস্থান রাখতে হবে।" 'খুলনা মাস্টারপ্ল্যান এলাকা সম্প্রসারণ করে মংলা পর্যন্ত বর্ধিত করার জন্য স্ট্রাকচার প্ল্যান, মাস্টারপ্ল্যান ও ডিটেইল্ড এরিয়াপ্ল্যান প্রণয়ন প্রকল্প' বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান বলেন, "পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে সমৃদ্ধ জনপদে পরিণত করার প্রচেষ্টা শুরু হয়েছে।" মহানগরী এলাকার বাড়ি-ঘর নির্মাণের ক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরের মতামত ও সুপারিশের ভিত্তিতে কেডিএ'র প্ল্যান পাশ করা হবে বলে জানান তিনি। সভায় অন্যান্যের মধ্য কেসিসি'র প্যানেল মেয়র আজমল আহমেদ তপন, খুলনা ওয়াসার চেয়ারম্যান লিয়াকত আলী, খুলনা প্রেস ক্লাব সভাপতি এ কে হিরু, কেসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ও নগর পরিকল্পনা বিভাগের অধ্যাপক গোলাম মোরতুজা, কেডিএ'র প্রধান প্রকৌশলী মো. আব্দুল হালিম, কেসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.