ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার বিকেল চারটার পর প্রধান রিটার্নিং কর্মকর্তা (সিইসি) এটিএম শামসুল হুদা ৭৯ বছর বয়সী সংসদ উপনেতাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, "ইসির অনুমোদনক্রমে সচিব বিকেলেই রাষ্ট্রপতি হিসেবে জিল্লুর রহমানের নাম ঘোষণা করে গেজেট আকারে প্রকাশের জন্য স্বাক্ষর করেছেন এবং তা বিজিপ্রেসে পাঠানো হয়েছে।
নতুন সরকার হিসেবে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর মহাজোট রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষীয়ান এ নেতাকে মনোনয়ন দেয়।
রাষ্ট্রপতি পদে জিল্লুর রহমান একমাত্র প্রার্থী হওয়ায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বুধবার নির্বাচন কমিশন তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনসহ '৭৩, '৮৬,'৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জিল্লুর রহমান কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
স্বাধীনতার আগে '৭০ সালের নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন।
জিল্লুর রহমান ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধেও তার ভূমিকা ছিল সক্রিয়।
আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।
২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হওয়ার সময় শেখ হাসিনা দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন প্রবীণ এ নেতাকে।
মঙ্গলবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাবী রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে নিষ্ঠাবান দায়িত্ব পালনের জন্য দলের পক্ষ থেকে সন্মাননা প্রদান করেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত হন তার স্ত্রী ও আওয়ামী লীগের মহিলা দলের সভানেত্রী আইভি রহমান। জিল্লুর রহমান দুই মেয়ে ও এক ছেলের জনক।
২৯ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এফএফ/জিএনএ/১৬০৩ ঘ.
bdnews24