ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর বিদ্রোহের ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি।
শনিবার রাতে প্রধান বিরোধী দলের জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠকে এ দাবি জানানো হয়।
সরকার সঙ্কট নিরসনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করা হয় বৈঠকে।
বিদ্রোহে সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় বৈঠকে শোক প্রকাশ করা হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে রাতে গুলশানে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর স্থায়ী কমিটি এক বিবৃতিতে অবিলম্বে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি সর্বদলীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানায়।
সশস্ত্রবাহিনীর প্রতিনিধিকেও এই কমিটিতে রাখার পরামর্শ দেওয়া হয়।
বিবৃতিতে মন্তব্য করা হয়, অনেক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের জানমালের হেফাজতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করায় সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পিলখানার ঘটনায় কারা লাভবান হয়েছে এবং তাদের হয়ে 'স্থানীয় কোন ক্রীড়নক' সুপরিকল্পিতভাবে বর্বোরোচিত এই ঘটনা ঘটিয়েছে কি না, তদন্ত করে তা অবশ্যই বের করতে হবে।
অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন তাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ সঙ্কটমুক্ত হবে না বলে এতে মন্তব্য করা হয়।
বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা দেশবাসীর প্রতি ধৈর্য্য, সংযম, শান্তি ও একতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও আহ্বান জানান।
বৈঠকে বলা হয়, "সরকারের সঙ্কীর্ণ মানসিকতা, বিতর্কিত পদক্ষেপ ও বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।"
নিহতদের স্মরণে রোববার বিকেলে কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজনেরও সিদ্ধান্ত নেন নেতারা ।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত আটটায় বৈঠক শুরু হয়ে তা শেষ হয় দশটায়।
বৈঠক চলার ফাঁকে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এক সংবাদ ব্রিফিং এ জানান, সভায় বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে এবং তাদের স্মরণে রোববার বাদ আসর জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল করবে বিএনপি।
তিনি জানান, সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোকেও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমদ, এম শামসুল ইসলাম ও বিশেষ আমন্ত্রণে যোগ দেওয়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাংসদ এম কে আনোয়ার ও সালাউদ্দিন কাদের চৌধুরী।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএমএ/এএনএস/টিআর/এসকে/২৩৫৭ঘ.
bdnews24