চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের আন্দরকিল্লা বই পাড়ার পাঁচটি দোকান ঘুরে বোর্ড নির্ধারিত সপ্তম শ্রেণীর বারটি পাঠ্য বই ৫৫৪ টাকায় কিনেছেন নগরীর ফকিরহাট এলাকার বাসিন্দা আবদুল জব্বার।
বোর্ড নির্ধারিত দামের চেয়ে ১৪০ টাকা বেশি দিয়ে তিনি ছোট ভাইয়ের জন্য মঙ্গলবার দুপুরে এই বইগুলো কেনেন।
বই কেনার তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'একেক দোকানে একেক দামে বই বিক্রি হচ্ছে। যে যেমন পারছে তেমন দাম চাইছে। এছাড়া অনেকেই নোট বই ছাড়া বোর্ডের বই বিক্রি করছে না।'
শেষ পর্যন্ত বাধ্য হয়ে ১৪৪ টাকা বেশি দিয়েই তিনি বই কেনেন বলে জানান।
একই দুর্ভোগ নগরীর নন্দকানন এলাকা থেকে আসা মমতাজ বেগম, মাস্টারপুলের আমীর হোসেন, আন্দরকিল্লার বাসন্তী আইচসহ অনেকের। দোকানে দোকানে ঘুরছেন একটু কম দামে বই কেনার আশায়। কিন্তু এক দোকানে সব বিষয়ের বই না থাকা এবং নোটবই কিনতে বাধ্য করায় অনেকে বই না কিনে বাসায় ফিরছেন। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে প্রায় দেড় মাস পার হয়ে গেলেও শিক্ষার্থীদের হাতে সব বই না পৌঁছায় তারাও হতাশ।
বোর্ডের পাঠ্যবই ছাড়াও বোর্ড অনুমোদিত সহপাঠক্রমের বইগুলো অনেক বেশী দামে কিনতে হচ্ছে শিক্ষার্থীদের।
এদিকে বোর্ডের বইয়ের অতিরিক্ত মূল্যের কারণে বই কিনতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের একরকম তোপের মুখেই আছেন নগরীর খুচরা বই বিক্রেতারা।
ক্রেতারা বইয়ের সংকট ও অধিক মূল্যের জন্য খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটকে দায়ী করলেও বিক্রেতাদের দাবি ভিন্ন।
ঢাকার প্রকাশনা সংস্থাগুলোর কাছে অর্ডার দিয়েও পর্যাপ্ত বই না পাওয়া এবং পাইকারি বিক্রেতাদের কাছ থেকে বেশি দামে বই কেনার কারণে স্থানীয় বাজারে বইয়ের দাম বেশি বলে জানিয়েছেন তারা । তারা আরো অভিযোগ করেন, বোর্ডের বই ছাপার জন্য সরকার নির্ধারিত প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকার একটি নোটবই প্রকাশনা সংস্থার 'আঁতাতের' কারণে স্থানীয় খুচরা বিক্রেতারা পর্যাপ্ত বই পাচ্ছেনা ।
চট্টগ্রামের খুচরা বই বিক্রেতারা জানান, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এ অবস্থা। যে সব বই পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল এবং দামও অনেক বেশি।
আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেটের প্রতিভা লাইব্রেরির স্বত্বাধিকারী সুনাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোর্ড নির্ধারিত নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের গায়ে দাম লেখা আছে ৪৩ দশমিক ৯০ টাকা। কিন্তু সেই বই ঢাকার পাইকারি বাজার থেকে ৬০ টাকায় কিনে তা ৬৫-৭০ টাকায় বিক্রি করতে হচ্ছে।"
ব্যবসায়ী সুনাম চৌধুরী বলেন, "বোর্ডের বইয়ে মুদ্রিত দামের ওপর খুচরা বিক্রেতারা সাধারণত ১৭ শতাংশ কমিশনে পাইকারদের কাছ থেকে বই কিনে থাকেন। এ বছর জানুয়ারির শুরুর দিকে ৫ শতাংশ কমিশনে কিছু বই কিনি। পরবর্তীতে সংকটের অজুহাত দেখিয়ে পাইকাররা বইয়ের গায়ে লেখা দামের চেয়ে ১০-১৫ টাকা বেশি রেখে খুচরা বিক্রেতাদের কাছে বই বিক্রি করেন।"
তিনি বলেন, "ঢাকা থেকে বই আনতে পরিবহন ও অন্যান্য খরচ হয়। এ কারণে ১০-১৫ টাকা বেশি দামে বই বিক্রি করতে হচ্ছে।"
পর্যাপ্ত বই না পাওয়ায় ক্রেতাদের চাহিদা মেটাতে বিক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে বলে তিনি জানান।
খুচরা বিক্রেতারা অতিরিক্ত দাম নিয়ে ক্রেতাদের ঠকাচ্ছেন না বলে দাবি করেছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও জমজম প্রকাশনীর মালিক কাজী সাবের আহমেদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোর্ডের বই প্রকাশনার দায়িত পাওয়া ঢাকার কয়েকজন ব্যবসায়ীর কাছে চট্টগ্রামসহ মফস্বলের বই বিক্রেতারা জিম্মি হয়ে আছেন। বেশি দামে বই কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি।"
ক্রেতাদের জিম্মি করে বেশি দাম নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।
তবে নোটবই কিনতে বাধ্য করার ঘটনা একরকম স্বীকার করে পুস্তক ব্যবসায়ী সাবের আহমেদ বলেন, "কেউ কেউ এটা করছে বলে খবর পেয়েছি। তবে অধিকাংশ দোকানদারই ক্রেতাদের চাহিদা অনুযায়ী বই বিক্রি করছেন।"
ঢাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে বিপুল সংখ্যক বই মজুদ আছে দাবি করে তিনি বলেন, সরকারের উচিত কড়া নজরদারির এসব বই উদ্ধার করে তা খোলা বাজারে ছেড়ে দেওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি /এইচএ/২০৪৫ঘ.
bdnews24