ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় সে বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
মঙ্গলবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
এর আগে গত রোববার একই প্রতিনিধি দল আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের সঙ্গে দেখা করে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে সাহায্য করার প্রস্তাব দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে তারা বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করবে সে বিষয়ে একটি লিখিত প্রস্তাব দিতে বলা হয়েছে। এরপর বিস্তারিত আলোচনা হবে।"
তিনি বলেন, "শুধু বাংলাদেশ থেকে নয়, আমরা চাই সারা বিশ্ব থেকেই জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর হোক।"
প্রতিনিধি দলের নেতৃত্বে দেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ কর্মসূচীর পরিচালক কার ট্রেভিলিয়ন।
প্রতিনিধি দলটির সঙ্গে রোববারের বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "র্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।"
তিনি বলেন, "সন্ত্রাসবাদ মোকাবেলায় দুটি দেশ কীভাবে একত্রে কাজ করতে পারে, তার কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/জিএনএ/১২২৫ ঘ.
bdnews24