২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি ও সন্ত্রাস দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার জাতীয় সংসদের 'প্রশ্নোত্তর' পর্বে কুমিল্লার সাংসদ মো. তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার জাতীয় সংসদের 'প্রশ্নোত্তর' পর্বে কুমিল্লার সাংসদ মো. তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, " জঙ্গি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে সরকার কঠোর অবস্থান নিয়েছে। সন্ত্রাস ও জঙ্গিদমন কার্যক্রমকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" সাহারা খাতুন জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে পিআইডিতে একটি কাউন্টার টেররিজম সেল গঠন করা হয়েছে। জঙ্গি-সম্পর্কিত মামলাগুলোর হালনাগাদ তথ্যসম্বলিত একটি ডাটাবেইজ তৈরি করে তদন্তের গুণগত মানবৃদ্ধিরও উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে চারটি উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম অন্যান্য সংগঠনকে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, "সন্ত্রাস ও জঙ্গিবাদীরা দেশের অভ্যন্তরে তাদের কার্যক্রম চালিয়ে যাতে সীমান্ত পার হয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে নিয়োজিত কোস্টগার্ড ও বিডিআরকে সতর্কতার সঙ্গে দায়িত্বপালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানা বা উপজেলায় এএসপি নিয়োগের পরিকল্পনা মন্ত্রী আরেক সম্পূরক প্রশ্নের উত্তরে জানান, দেশের প্রতিটি থানা বা উপজেলায় একজন করে এএসপি নিয়োগের পরিকল্পনাও সরকারের রয়েছে। প্রাথমিক পর্যায়ে সব মহানগর থানা, জেলা সদরে অবস্থিত থানা ও ঢাকার পাশ্ববর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে এএসপিদের পদায়ন করা হবে। অবশিষ্ট সব উপজেলায় এএসপি পদমর্যাদার উপজেলা পুলিশ অফিসারের পদ সৃষ্টি করা হবে। সরকার ২০১১ সালের মধ্যে ৩৫৮টি এএসপি পদ সৃষ্টির মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়িত করবে। বিএনপি'র সাংসদ জয়নাল আবেদীনের পক্ষে জাতীয় পার্টির মুজিবুর রহমান চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। তিনি আরো জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ এবং জলপথের নিরাপত্তার জন্য মেরিন পুলিশ গঠনের বিষয়টি সরকারের বিবেচনাধীন। সুনামগঞ্জের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের পক্ষে আওয়ামী লীগের সাংসদ মঞ্জুর কাদের কোরাইশির এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামের আটককৃত ১০ ট্রাক অস্ত্র মামলার বিষয়টি অধিকতর তদন্তের পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ হলে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আওয়ামী লীগের সাংসদ মো. শাহাবুদ্দিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, জোট সরকারের আমলে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব 'হয়রানি' মামলা দেওয়া হয়েছিল তা প্রত্যাহারের বিষয়টি দেখার জন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট পাওয়ার পর শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, বিগত সরকারের আমলে গঠিত কমিউনিটি পুলিশিং কমিটির দলীয়করণের অভিযোগের কারণে এসব কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমএইচসি/এসকে/২০১৭ঘ.