২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক দুর্নীতি হয়েছে: খাদ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে বেশকিছু অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে বেশকিছু অনিয়ম ও দুর্নীতি হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।" তিনি বলেন, "ওই কর্মসূচির আওতায় এক হাজার ২০০ কোটি টাকা ব্যয় হয়েছে। সেখানে অনেক অপচয় হয়েছে। স্থানীয় সরকারের সঙ্গে সংশ্লিষ্টরাই এসব দুর্নীতির সঙ্গে জড়িত। ১০০ দিনের কর্মসূচির জন্য বরাদ্দ ৮শ' কোটি টাকা এখনো অব্যবহৃত রয়েছে। এই অর্থ কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।" খাদ্য খাতে দুর্নীতি ও অনিয়ম সম্পর্কে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, "সংবাদপত্রে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।" ড. আব্দুর রাজ্জাক বলেন, "এই ১০০ দিনের কর্মসুচিসহ কাজের বিনিময়ে খাদ্য, কাজের বিনিময়ে টাকাসহ বিভিন্ন কর্মসূচির কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে পড়বে। আমরা এসব দুর্নীতি ও অপচয় কমানোর চেষ্টা করছি। "শিগগিরই কাজের বিনিময় খাদ্য, আগামী মার্চ-এপ্রিল মাসে খোলা বাজারে চাল (ওএমস) বিক্রি, ভিজিডি ও ভিজিএফ কার্ড চালু হবে।" তিনি জানান, দেশে ৫৬ লাখ ৫৪ হাজার ভিজিএফ কার্ড রয়েছে। এখাতে সরকার ৫০ শতাংশ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করলেও এখন পর্যন্ত ২৫ শতাংশ বাড়ানোর অনুমোদন পাওয়া গেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, "খাদ্যশস্য, বিশেষ করে আলু হিমাগারে রাখার চিন্তা ভাবনা রয়েছে সরকারের। উত্তরবঙ্গে খাদ্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণে জাপান সরকার ৩০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।" আগামী মৌসুমে খাদ্য ঘাটতি মোকাবেলায় সরকারের পরিকল্পনা প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর দেশে খাদ্য ঘাটতির কোনো আশংকা নেই। তবে প্রাকৃতিক র্দুযোগ হলে খাদ্য সংকট দেখা দিতে পারে। সবকিছুই নির্ভর করছে চলতি মৌসুমের বোরো উৎপাদনের ওপর। সামনে কৃষকদের ঘরে বোরো ফসল উঠবে।। বোরো ওঠার আগ পর্যন্ত খাদ্য ঘাটতি মোকাবেলায় বর্তমানে দেশে সাড়ে ১০ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৮২৬ঘ.