২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী লতিফ বিশ্বাসের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য

মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার মেয়ে সোমা বিশ্বাস এবং স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য হয়েছে। ১৬, ১৯ ও ২২ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে আটজনের সাক্ষ্য নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

সিরাজগঞ্জ, ০৮ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ও তার মেয়ে সোমা বিশ্বাস এবং স্থানীয় আওয়ামী লীগের চার নেতা-কর্মীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) মামলায় সাক্ষ্য নেওয়ার তারিখ ধার্য হয়েছে। ১৬, ১৯ ও ২২ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে আটজনের সাক্ষ্য নেওয়া হবে। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার রোববার এ খবর নিশ্চিত করেন। ২২ জানুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনের সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা-১ মন্ত্রীসহ এ ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক সিরাজউদ্দীন ইকবাল ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের কর্মকর্তারা জানান, মামলার সাক্ষীরা হলেন- সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. আলমগীর রহমান, রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাইউম সরকার, বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন, প্রিজাইডিং কর্মকর্তা মো. আবুল হোসেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মো. মাসুদ করিম। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেলে মামলার কাগজপত্র পাওয়া গেছে। আগামী ১৬, ১৯ ও ২২ ফেব্র"য়ারি বিচার বিভাগীয় তদন্তের জন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে।" এ মামলায় দোষী প্রমাণিত হলে আসামীর দুই বছর থেকে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে। নির্বাচন কমিশনের আদেশে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা-১ নীতিশ চন্দ্র দে গত বৃহস্পতিবার মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য চার আসামি হলেন- আওয়ামী লীগ সমর্থিত বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. জফলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী গাজী আব্দুল হামিদ আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন প্রামাণিক এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব হিল্টন রহমান। মামলার বিবরণে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের কেন্দ্র দখল ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ভোটদানে বাধ্য করাসহ নানাবিধ অনিয়মের কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করে। এতে আরো বলা হয়, নির্বাচনের দিন দুপুরে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস তার নিজ এলাকা বেলকুচিতে অবস্থান করছিলেন। মন্ত্রীর দ্বারা প্রভাবিত হয়ে তার দলের নেতা-কর্মীরা এ ধরনের কর্মকাণ্ড ঘটায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/এসকে/২৩৩৩ ঘ.