২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী মামলায় পক্ষভুক্ত হতে তিন আইনজীবীর আবেদন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:54 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার মুন্সি আহসান কবির ও অ্যাডভোকেট কামরুজ্জামান 'ইনটারভেনর' হিসেবে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন দায়ের করেছেন। সোমবার এই আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি অনুষ্ঠিত হবে বলে অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করে। তবে আদালত ওই সময়ে জনস্বার্থে করা বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। হাইকোর্ট তার রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট রায়ের অভিমতে উল্লেখ করে। সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২২৫১ঘ.