ঢাকা, ফেব্র"য়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা চাইলে বাংলাদেশের অরক্ষিত জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। (বিস্তারিত)
এ অঞ্চলে কোনো সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
দু'দিনের সফর শেষে রোববার বিকেলে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার প্রাক্কালে বাউচার একথা বলেন।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাউচার বলেন, বাংলাদেশের সামরিক সংস্থাগুলোর সঙ্গে তার দেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে।
এ অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, " আমরা এখানে কোনো ঘাঁটি স্থাপনের কথা ভাবছি না। এ অঞ্চলের বিভিন্ন দেশের সরকার ও সংস্থার সঙ্গে আমাদের ইতিমধ্যেই অনেক সহযোগিতা রয়েছে।"
সন্ত্রাসবাদ দমনে প্রস্তাবিত দক্ষিণ এশীয় আঞ্চলিক টাস্কফোর্স গঠনের প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের বাউচার বলেন, "আমার মনে হয় নৌ-টহলের প্রয়োজন রয়েছে, যাতে সমুদ্র সীমার নিরাপত্তা আরও ভালভাবে নিশ্চিত করা সম্ভব হয়।"
তিনি বলেন, "বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীগুলোর কর্মকাণ্ডে আমরা সহায়তা করতে পারি। কিন্তু কি পদ্ধতিতে করা হবে তা নির্ভর করছে বাংলাদেশ যা চাইছে তার ওপর।"
তিনি আরো বলেন, "জনগণের নিরাপত্তা দেখভাল করার দায়িত্ব পালনের জন্য বেশ কয়েকটি সংস্থা বাংলাদেশে রয়েছে। এর মধ্যে কয়েকটি পুলিশের মতো বেসামরিক সংস্থা যাদের সঙ্গে আমরা কাজ করে থাকি।"
বাউচার বলেন, "এর মধ্যে কয়েকটি সামরিক সংস্থাও রয়েছে। জলসীমা এবং সুযোগ রয়েছে এমন অন্যান্য ক্ষেত্রে তাদের সঙ্গে সহযোগিতা রয়েছে আমাদের।"
বাউচার তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
বাউচারের সফরের আগে দুই মার্কিন জেনারেল বাংলাদেশ সফর করেন।
সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধ রয়েছে।
মিয়ানমারের যুক্তরাষ্ট্র-বিরোধী সামরিক জান্তা সরকার গত বছরের নভেম্বরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশী জলসীমায় কয়েকটি মঞ্চ স্থাপনের চেষ্টা করে। তার কিছুদিন পর ভারতও বিরোধপূর্ণ জলসীমায় সমীক্ষা জাহাজ পাঠায়।
বাউচার আরো বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে দক্ষিণ এশীয় দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা।
তিনি বলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা যারাই চালাক না কেন, এর তদন্ত হওয়া উচিত এবং এ অঞ্চলের দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা, যাতে ভবিষ্যতে আর এ ধরনের হামলা চালানো সম্ভব না হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২২১৬ঘ.
bdnews24