২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় যুক্তরাষ্ট্র: বাউচার

যুক্তরাষ্ট্র বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় বলে জানিয়েছেন সে দেশের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। শনিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বাউচার এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় বলে জানিয়েছেন সে দেশের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। শনিবার সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বাউচার এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান। বাউচার বলেন, "সংসদ ফলপ্রসূ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আমরা প্রত্যাশা করছি।" খালেদা জিয়া সন্ধ্যা ছয়টায় তার গুলশানের কার্যালয়ে বাউচারের সঙ্গে বৈঠকে বসেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও গণতন্ত্রকে শক্তিশালী করে তোলার ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ দূতাবাসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী। এক প্রশ্নের জবাবে বাউচার সাংবাদিকদের জানান, বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে টিফা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কথিত ঘুষের টাকা উদ্ধারে মার্কিন আদালতের মামলা নিয়েও কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান। তবে বাউচার বলেন, "যুক্তরাষ্ট্র সব সময়ই দুর্নীতির বিরুদ্ধে। আশা করছি, এ সংক্রান্ত সব মামলা স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হবে।" শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, "এটি ছিল বিরোধী দলীয় নেতার সঙ্গে সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ।" তিনি জানান, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলার ব্যাপারে বাউচারের অভিমতের সঙ্গে খালেদা জিয়া একমত পোষণ করে জানিয়েছেন যে, গণতন্ত্র শক্তিশালী করতে বিএনপি সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। পাশাপাশি সরকার বিরোধী দলকে সেই সুযোগ দেবে বলেও চেয়ারপারসন আশা প্রকাশ করেছেন। শমসের মবিন চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার জন্য বাংলাদেশের প্রতি বাউচার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া ফিলিস্তিন প্রসঙ্গ নিয়েও রিচার্ড বাউচারের সঙ্গে খালেদা জিয়ার আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/টিআর/২০৩৮ঘ.