ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা ব্যবস্থাপনা ও নিষ্পত্তির ক্ষেত্রে বিচারকদের মন মানসিকতায় আধুনিকতার ছোঁয়া আনার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেন, বিচারকদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও দৃঢ় অঙ্গীকারের ওপর মামলার দ্রুত ও সঠিক নিষ্পত্তি নির্ভর করে থাকে।"
শনিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট আয়োজিত নবনিযুক্ত সহকারি জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের বিচার প্রশাসন সংক্রান্ত এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী প্রশিক্ষণ কারিকুলামে আধুনিক মামলা ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বিষয় অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
সরকারি এক বিবৃতিতে এ খবর জানিয়ে আরো বলা হয়, অনুষ্ঠানে আইনমন্ত্রী জনদুর্ভোগের কথা বিবেচনায় রেখে দ্রুত ও সহজে মামলা নিষ্পত্তি করার জন্য বিচারকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দ্রুত ও সহজ বিচার পদ্ধতি চালুর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিএস) ব্যবস্থার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শফিক আহমেদ বলেন, "মামলা নিষ্পত্তির ক্ষেত্রে গতানুগতিক ধারা পরিহার করলে আদালতে মামলার স্তুপ কমে যাবে। সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় আমাদের দেশের আদালতে মামলাজট বৃদ্ধি পাচ্ছে। ক্ষুদ্র সমস্যাগুলো সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হলে আদালতে মামলার সংখ্যা কমে যাবে।"
সামাজিক সম্পর্ক অটুট রাখার ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকর ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তিনি বিচারক, আইনজীবীসহ বিচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "ইংরেজি ভাষায় রচিত আইন জনগণের কাছে সহজবোধ্য করার জন্য বাংলায় এর অনুবাদ থাকা উচিত।" সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/টিআর/এসকে/১৫২১ঘ.
bdnews24