কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা দীন মোহাম্মদ (৫৫) শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এছাড়া আহত হয়েছেন টেম্পু চালক নূরুল হক (৫০) এবং নুরবানু (৬০) ও গোলাপ (১৯) নামে দুই যাত্রী। তাদের করিমগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হান্নান আলী জানান, সকাল ৭টার দিকে দীন মোহাম্মদ টেম্পুযোগে করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ জেলা সদরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
গুরুতর আহত দীন মোহাম্মদকে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং পরে ঢাকা আনার পথে তিনি মারা যান।
বাসটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24