ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু বাস্তবায়নে আর্থিক সহায়তার পরিমাণ আরো বাড়ানোর জন্য জাপানের কাছে অনুরোধ জানিয়েছে সরকার।
এছাড়া চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ও পিরোজপুরে একটিসহ মোট তিনটি বড় সেতু নির্মাণের জন্যও জাপানের সহায়তা চেয়েছে সরকার।
বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
এর আগে মন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসা উকি ইনো।
যোগাযোগ মন্ত্রী বলেন, "জাপান বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে তারা পদ্মা সেতু বাস্তবায়নে প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) মার্কিন ডলার আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে।"
পদ্মা সেতু বাস্তবায়নে অন্য দাতাদের আর্থিক সহায়তা পেতেও কোন সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, "তবে সময়ের প্রয়োজনে এতে আরো বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। তাই তাদের কাছে সহায়তার পরিমাণ আরো বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। রাষ্ট্রদূত এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন।"
তিনি আরো বলেন, "পদ্মা সেতু ছাড়াও ঢাকার যানবাহন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়তা করতে জাপান আগ্রহ প্রকাশ করেছে। সরকারও এ ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।"
কালুরঘাটে কর্ণফুলী নদীতে ৬৫০ মিটার এবং বরিশাল-পিরোজপুর সড়কে একটি এক হাজার ৩০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণসহ তিনটি সেতু নির্মাণে জাপানি রাষ্ট্রদূতের কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।
তিনি বলেন, "রাষ্ট্রদূত অন্য দাতাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন।"
বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় জাপানি রাষ্ট্রদূত মাসা উকি ইনো সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বিভিন্েেন ত্র জাপান সরকার আর্থিকসহ বিভিন্নভাবে সহায়তা করে থাকে। ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। জাপান ভবিষ্যতে এ সহায়তা আরো বাড়াবে বলে মন্ত্রী আশা করছেন। তাকে এ ব্যাপারে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এজে/জিএনএ/১৩২৮ ঘ.
bdnews24