২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নবিত্তদের জন্য সীমিত আকারে রেশনিং চালু হচ্ছে : খাদ্যমন্ত্রী

নিম্নবিত্তদের জন্য সীমিত আকারে রেশনিং চালু করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রক্রিয়ার কৌশল নির্ধারণে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। খাদ্য মন্ত্রণালয়ে বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জন আই লিফ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 04:30 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিম্নবিত্তদের জন্য সীমিত আকারে রেশনিং চালু করা হচ্ছে। ইতোমধ্যে এ প্রক্রিয়ার কৌশল নির্ধারণে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। খাদ্য মন্ত্রণালয়ে বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি জন আই লিফ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ কথা জানান। আব্দুর রাজ্জাক বলেন, "নিম্নবিত্তদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলছে। কীভাবে এটা করা হবে এবং এর কৌশল কী হবে তা পর্যালোচনা করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি যেন নির্ভুল হয়, সেজন্য চেষ্টা করছি। তবে প্রক্রিয়া যাই হোক, সীমিত আকারে রেশনিং চালু করা হবে।" দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অগ্রিম খাদ্য বাজেট তৈরির উদ্যোগ নিয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, "ডব্লিউএফপি প্রতিনিধি বাংলাদেশের খাদ্য পরিস্থিতি ও খাদ্য নিরাপত্তার বিষয়ে জানতে চেয়েছেন। তাকে সরকারের পরিকল্পনা জানিয়েছি এবং বিদেশি দাতাদের কাছ থেকে খাদ্য সহায়তা আরো বাড়ানোর বিষয়ে অনুরোধ করেছি।" তিনি বলেন, "বাংলাদেশ খাদ্য উৎপাদন বাড়ানোর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। একইসঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটি অগ্রিম খাদ্য বাজেট প্রণয়নেরও কাজ চলছে।" ডব্লিউএফপি প্রতিনিধির সঙ্গে বৈঠক প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, "দাতারা এখন বাংলাদেশকে তেমন খাদ্য সহায়তা দিচ্ছে না। অনেক ক্ষেত্রে তাদের প্রতিশ্র"ত খাদ্য সহায়তাও দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে প্রতিনিধির সহায়তা কামনা করা হয়েছে।" একইসঙ্গে খাদ্য গুদামের সংকট নিরসন এবং খাদ্য ব্যবস্থাপনা উন্নত করতেও ডব্লিউএফপি'র সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। ডব্লিউএফপি প্রতিনিধি সাংবাদিকদের জানান, বাংলাদেশে এখনো অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এসব মানুষকে এখনো খাদ্য নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা সম্ভব হয়নি। তাদের মাঝে সহজে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রী এ ব্যাপারে আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২২৩০ঘ.