২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল না আসায় সংসদ কার্যকর হচ্ছে না: মুহিত

প্রধান বিরোধী দল না আসায় সংসদ কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নয়টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 10:00 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ০৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল না আসায় সংসদ কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নয়টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "আমাদের নির্বাচনী ইশতেহারে সংসদকে কার্যকর করার কথা আছে। প্রধানমন্ত্রী সব দলের অংশগ্রহণে সংসদকে কার্যকর করার কথা বলেছেন। কিন্তু প্রধান বিরোধী দল সংসদে না আসায় সংসদ কার্যকর হচ্ছে না।" সংসদে বিরোধী দলকে পাওয়ার জন্য সরকারকে চেষ্টা অব্যাহত রাখতে হবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। বৈঠকের পর ইইউ প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট এফ হ্যাগস্টর্ম সাংবাদিকদের বলেন, "যে কোনো দেশে সুষ্ঠু গণতন্ত্রের জন্য একটি কার্যকর সংসদ খুবই দরকার। গণতন্ত্রের জন্য সংসদকে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমরা আশা করি, বাংলাদেশের এবারের সংসদ একটি কার্যকর সংসদ হবে।" বৈঠকে আর কি আলোচনা হয়েছে- এ প্রশ্নের উত্তরে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য সম্পর্ক ও উন্নয়ন সহায়তা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে।" বাংলাদেশে উন্নয়ন প্রকল্প যাতে সময় মতো বাস্তবায়ন হয় সে বিষয়টি অর্থমন্ত্রীর নজরে আনা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের জনশক্তি রপ্তানির বিষয়ে তিনি বলেন, "বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্স এ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ জনশক্তি রপ্তানির নতুন বাজার খুঁজছে।" যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আরও অনেক বাড়বে বলে জানান তিনি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "জনশক্তি রপ্তানি আমাদের জন্য এখন একটি সমস্যা হয়ে দেখা দিয়েছে। মূলত দক্ষ জনশক্তি না থাকায় এ সমস্যা হয়েছে। আমরা নতুন বাজার খুঁজছি। একইসঙ্গে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রয়োজনীয় ট্রেনিং-এর ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হচ্ছে।" তিনি বলেন, "ইউরোপীয় ইউনিয়ন আমাদের বড় রপ্তানি বাজার। একইসঙ্গে বড় উন্নয়ন সহযোগী। এ দুই ক্ষেত্রেই তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বিদ্যমান।" ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নভূক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতদের মধ্যে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বি তেন তুশচার, ইতালির রাষ্ট্রদূত ইতালা মারিয়া মার্তা ওচ্চি, ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার হেবোগার্ড ইয়েনসেন, জার্মানির রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকে, ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কসেয়া ও স্পেনের রাষ্ট্রদূত আর্তুরো পেরেজ উপস্থিত ছিলেন। ইইউভূক্ত আরও দুই দেশের দূতাবাসের প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/জিএনএ/১৫৫৮ ঘ.