দিনাজপুর, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক আন্দোলনের মাধ্যমে দুর্নীতির প্রতিটি স্তরে আঘাত হানার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান মশহুদ চৌধূরী।
সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ হাই স্কুল মাঠে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
দুর্নীতি বিরোধী সকল শক্তিকে নিয়ে যুদ্ধে নামার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রতিটি স্তরে আঘাত হানতে হবে। সে আঘাত হানতে হবে শান্তি শৃংখলার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে।"
তিনি বলেন, "দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করতে হলে নিজে দুর্নীতি করব না এবং অন্যকেও দুর্নীতি করতে দেব না, স্ব স্ব অবস্থানে থেকে এই শপথ বাস্তাবায়ন করতে হবে।"
হাসান মশহুদ বলেন, "যদি কোনো প্রতিষ্ঠানে দুর্নীতি কোনোভাবে বন্ধ করা না যায় তাহলে অফিস শেষের আগে বিকেলে সুশৃঙ্খলভাবে মানববন্ধন করে অবস্থান গ্রহণ করবেন। এরকম কর্মসূচিতে আপনাদের সঙ্গে আমিও উপস্থিত থাকব।"
মতবিনিময় সভায় তিনি দুর্নীতি নিয়ে ওই এলাকার সরকারি কর্মকর্তা, ছাত্র-শিক্ষক, এনজিও কর্মী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পেশার লোকজনের বক্তব্য ধৈর্য ধরে শোনেন।
নবাবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা চেয়ারম্যান শিবলি সাদিক, শিক্ষক আজহারুল ইসলাম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, এনজিও কর্মী মারিয়া বাস্কে প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫২ ঘ.
bdnews24