২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প আবার চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করার জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প আবার সচল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে ২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প গ্রহণ করা হয়। জাতিসংঘ মহাসচিব কফি আনানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর এ প্রকল্প বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করার জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প আবার সচল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রী থাকাকালে ২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রকল্প গ্রহণ করা হয়। জাতিসংঘ মহাসচিব কফি আনানকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর এ প্রকল্প বন্ধ হয়ে যায়। রোববার অমর একুশে গ্রন্থ মেলা ২০০৯ উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, "একুশে ফেব্র"য়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই বিশ্বে বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা এবং যেসব ভাষা হারিয়ে যাচ্ছে তাকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। "এ কারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট করব আমরা।" শেখ হাসিনা বাংলা একাডেমীকে প্রাচ্য ও পাশ্চাত্যের উল্লেখযোগ্য বই অনুবাদ করার আহ্বান জানিয়ে বলেন, "রবীন্দ্রনাথের পর আর কেউ বাংলা ভাষায় নোবেল পুরষ্কার পায়নি। অথচ আমার ক্ষুদ্র বিবেচনায় বুঝি উৎকর্ষের বিচারে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় আন্তর্জাতিক সম্মান বয়ে আনার মতো অনেক সৃষ্টিশীল কাজ হয়েছে। "আমার ধারণা, মানসম্মত অনুবাদ না হওয়ায় বিশ্বে আমাদের দ্রুপদী ও সমকালীন সাহিত্যকর্মের তেমন প্রচার নেই। প্রাতিষ্ঠানিকভাবে বাংলা একাডেমীকে এ দায়িত্ব প্রহণ করতে হবে।" অনুবাদ কার্যক্রম অব্যাহত রাখা এবং গতিশীল করার ক্ষেত্রে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমরা মানুষের স্বাধীনতার স্বপ্ন এবং দিন বদলের অঙ্গীকার বাস্তবায়ন করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলা একাডেমীরও বিভিন্নমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। "আমাদের চিরায়ত সাহিত্য এবং সমৃদ্ধ ঐতিহ্য যাতে অতি সহজে বিশ্ব দরবারে পৌঁছানো যায় তার জন্য যথাযথ পদক্ষেপ গহণ করতে হবে। একাডেমীতে সংরক্ষিত মূল্যবান সম্পদ তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে।" বাংলাদেেেশর ক্ষুদ্র জাতিসত্তার লুপ্তপ্রায় ভাষা সংগ্রহ, সংরক্ষণ এবং মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলা একাডেমীকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, "বাংলা একাডেমী ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফসল হওয়ায় এ আন্দোলনের ইতিহাস সম্পর্কিত দলিলপত্র সংগ্রহ করে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, ভাষা সৈনকদের ওপর প্রামাণ্য চিত্র নির্মাণ এবং গ্রন্থ প্রকাশনাসহ প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে। "বিশ্ববাসী যাতে একুশে ফেব্র"য়ারির পটভূমি, ইতিহাস ও তাৎপর্য বুঝতে পারে সেজন্য বিভিন্ন ভাষায় প্রচারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।" আগামীতে ইন্টারনেট সুবিধা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, "আমরা ২০১০ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে একশ শতাংশ ভর্তি নিশ্চিত করতে চাই। ২০১২ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, ২০১৪ সালের মধ্যে পূর্ণ সাক্ষরতা এবং ২০২১ সালের মধ্যে দারিদ্র্যর হার ৪৫ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে চাই।" উপজেলা পর্যন্ত ইন্টারনেট সুবিধা চালুর আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, "ষষ্ঠ শ্রেণী থেকে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে চাই আমরা।" তিনি তরুণদের বই পড়ার আহ্বান জানিয়ে বলেন, "একক ইভেন্ট হিসেবে একুশে বই মেলা থেকে সর্বাধিক বই প্রকাশ ও বিক্রি হয়ে থাকে। কিন্তু আমাদের জনসংখ্যার তুলনায় এ সংখ্যা খুব বেশি নয়। এর একটি কারণ হল তরুণদের মধ্যে বই পড়া হ্রাস পেয়েছে। আরেকটি কারণ হচ্ছে বইয়ের অত্যধিক মূল্য এবং মানসম্পন্ন বইয়ের অভাব।" হাসিনা লেখক ও প্রকাশকদের মানসম্পন্ন বই উপহার দেওয়ার আহ্বান জানান। টেলিভিশনে ইশারাভাষা প্রচার করার ঘোষণা দিয়ে হাসিনা বলেন, "ইশারা ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। বিটিভিতে ইশারা ভাষায় খবর ও অন্যান্য অনুষ্ঠান প্রচারেরও ব্যবস্থা করব আমরা।" শিল্প সাহিত্য সংস্কৃতির উন্নয়নে সকলের পরামর্শ চেয়ে হাসিনা বলেন, "মানুষের নিঃসঙ্গতা বা একাকিত্ব দূর করতে বই পালন করে এক অসামান্য ভূমিকা। আমি নিজে তার প্রমাণ। জেল খানায় নিঃসঙ্গ দিনগুলোতে বই ছিল আমার একমাত্র সঙ্গী। বই ছাড়া সেই নিঃসঙ্গতা কাটানোর কোনো বিকল্পই আমি চিন্তা করতে পারিনি।" বই পড়ার অভ্যাস সকলের মধ্যে ছড়িয়ে দিয়ে একটি সুশিক্ষিত অগ্রসর সমাজ গড়ে তোলার আহ্বন জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভারতের লেখিকা মহাশ্বেতা দেবী বলেন, "ঢাকার এই বই মেলার মতো এতবড় উৎসব ভারতেও কম হয়।" তিনি বলেন, "আমি জীবনে অনেক পুরষ্কার পেয়েছি। কিন্তু এখানে উপস্থিত থাকতে পেরে যেভাবে সম্মানিত বোধ করছি তা কোথাও পাইনি।" অনুষ্ঠান শুরুর একটু আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে মহাশ্বেতা দেবী বলেন, "এই বইমেলা ভাষার সঙ্গে জড়িত এবং এটা সহঅধিকারের মেলা। এটা অনেক বড় জিনিস।" এ প্রসঙ্গে তিনি কলকাতা বই মেলাকে বাংলা বইয়ের সবচেয়ে বড় মেলা বলে অভিহিত করেন। একুশে বইমেলায় পশ্চিমবঙ্গের লেখকদের বই রাখা উচিত বলেও মন্তব্য করেন মহাশ্বেতা দেবী। বাংলা একাডেমীর সভাপতি হারুন-উর-রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যার দিকে জনসাধারণের জন্য বইমেলা উম্মুক্ত করে দেওয়া হয়। মেলার প্রথম দিন অন্যন্যবারের মতো তেমন জমজমাট হয়ে ওঠেনি। বই বিক্রি একেবারে ছিল না বললেই চলে। মেলা প্রাঙ্গণে এখনও বেশকিছু স্টল তৈরির কাজ চলছে। মেলা মাঠে পানি না ছিটানোর ফলে প্রচুর ধুলো সৃষ্টি হয়। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্টল তৈরির কাঠ। নির্মাণাধীন ভবনের ইট পাটকেল ছড়িয়ে রয়েছ এখানে ওখানে। বাংলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা মুরশিদ আনোয়ার আশা প্রকাশ করে বলেন, সোমবারের মধ্যে স্টল তৈরির কাজ শেষ হয়ে যাবে এবং ধুলোবালি কমিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/ডিডি/জিএনএ/২০৩৫ ঘ.